গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে রাজধানীর আশপাশের কয়েকটি জায়গায় গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: জেলা শহরের শহীদ রফিক সড়কে বেলা তিনটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, জাসদের নেতা-কর্মীসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। কর্মসূচি চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম, জাসদের জেলা সভাপতি ইকবাল হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ।
আবদুস সালাম বলেন, সম্প্রতি সারা দেশে গুপ্তহত্যা ও সন্ত্রাস বেড়ে গেছে। বিএনপি-জামায়াত এসব ঘটনার সঙ্গে জড়িত। তাদের মদদেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।
নরসিংদী: জেলার শিবপুরে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ইটাখোলা বাসস্ট্যান্ড থেকে বড়ৈতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় অংশগ্রহণকারী লোকজন বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
মুন্সিগঞ্জ: বিকেল চারটায় জেলা আওয়ামী লীগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে মানববন্ধন করে। মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, জেলা শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. শহীদ প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা): বেলা সাড়ে তিনটায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটকের সামনে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মানববন্ধন করে। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল, শ্রমিক লীগের নেতা আমির হোসেন, কৃষক লীগের নেতা জাহিদ হায়দার, ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল জলিল প্রমুখ।