গুপ্তহত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল, নাটোরের দোকানদার সুনীল গোমেজ, পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানম হত্যাসহ সব গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। বৃষ্টিবিঘ্নিত এই সমাবেশে বক্তারা নিরীহ জনগণের নিরাপত্তা প্রদান ও গুপ্তহত্যা বন্ধে সরকারকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রণজিৎ কুমার চৌধুরী, অধ্যাপক রণজিৎ কুমার দে, অধ্যক্ষ সুধীর বিকাশ দেব, জিনবোধি ভিক্ষু, ইন্দু নন্দন দত্ত, অজিত নারায়ণ অধিকারী, সুভাষ চন্দ্র লালা, তাপস হোড়, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও কাউন্সিলর নীলু নাগ।
সমাবেশে বক্তারা বলেন, নিরীহ গৃহিণী, ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবক, ধর্মযাজকেরা গুপ্তহত্যার শিকার হচ্ছেন। এসব ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
বক্তারা আরও বলেন, এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবার। এখানে সবার সমান অধিকার রয়েছে।