গুপ্তহত্যার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি অধিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেশে ১৭টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ জনই র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। বাকি চারজন হেফাজতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।মানবাধিকার সংগঠন অধিকার-এর মাসিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।প্রতিবেদনে বলা হয়, নিহত ১৭ জনের মধ্যে পাঁচজন কথিত চরমপন্থী দলের সদস্য। বাকিদের মধ্যে একজন ব্যবসায়ী, একজন গাড়িচালক, একজন নৈশপ্রহরী ও নয়জন কথিত অপরাধী।অধিকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে একটি কমিশন গঠন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি দাবি জানায়। একই সঙ্গে সংগঠনটি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ধরে নেওয়া ও গুপ্তহত্যার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে। অধিকারের তথ্য অনুযায়ী মে মাসে দেশে বিভিন্ন সহিংসতায় ২১ জন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সীমান্তে ছয়জন বাংলাদেশি নিহত, সাতজন এসিডদগ্ধ, ২৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার, ৫১ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত মাসে বখাটেদের উত্ত্যক্ততার (ইভ টিজিং) শিকার হয়েছেন নয় তরুণী। তাঁদের মধ্যে সাতজন আত্মহত্যা করেছেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে জবাই করে হত্যা ও একজন শ্লীলতাহানির শিকার হয়েছেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্যানুযায়ী, গত মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৩৩২ জন নিহত হয়েছে।