ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি গুপ্তহত্যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। গুপ্তহত্যার রহস্য উদ্ঘাটনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গুম-খুনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকালের সমাবেশের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক দীনেশ দাশের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০০৯ সালে দুজন, ২০১০ সালে ১০ এবং ২০১১ সালে ৩০ জন গুপ্তহত্যার শিকার হয়েছেন। এর বাইরেও অনেকে গোপন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অথচ একটি হত্যাকাণ্ডেরও রহস্য উদ্ঘাটন করতে পারেনি সরকার। তা ছাড়া গণগ্রেপ্তার, রিমান্ডের নামে নির্যাতন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ঘটনাও বেড়ে গেছে।বক্তারা বলেন, দুর্নীতির দায়ে চিহ্নিত মন্ত্রীরা এখনো বহাল আছেন। দুর্নীতি, দখলদারিত্ব, দুর্বৃত্তায়ন, স্বজনপ্রীতি এবং দমন মহাজোট সরকারের বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। বিগত চারদলীয় জোটের ধারাবাহিকতায় মহাজোট সরকারও ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য ধারণ করেছে।সমাবেশে বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক, রাজেকুজ্জামান, নজরুল ইসলাম, বাবুল বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।