গুপ্তহত্যার শিকার অধিকাংশ ব্যক্তি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। জাতীয় সংসদে গতকাল বুধবার তারানা হালিমের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সন্ধ্যা সাতটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।গুপ্তহত্যা এবং এর সংজ্ঞা-সম্পর্কিত ওই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রচলিত আইনে গুপ্তহত্যার কোনো সংজ্ঞা নেই। ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, অপহরণ হওয়া ব্যক্তিদের অধিকাংশই কোনো না কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং প্রতিপক্ষ গ্রুপ তাদের অপহরণ করেছে। তিনি বলেন, কয়েকটি ঘটনায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তার হয়েছে। দু-একটি ঘটনায় ঢাকার বাইরে অপহূত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে, যা তদন্তাধীন। এ ধরনের অপহরণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত হত্যা ও নির্যাতনের মাত্রা কমেছে। এর পরও সীমান্তে যেকোনো ধরনের হত্যা বা নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে।