গুপ্তহত্যায় জড়িতদের গ্রেপ্তার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো পরিকল্পিত। যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্রেই এসব ঘটানো হচ্ছে। কিন্তু যারা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের এরই মধ্যে গ্রেপ্তার শুরু হয়েছে। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।
গত বৃহস্পতিবার রাতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় হোটেল মারিনেলায় বুলগেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনা এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
যুদ্ধাপরাধীদের বিচার করায় প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিরা ধন্যবাদ জানান। এ সময় শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম ১৯৭৩ সালে দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরা সেই বিচার-প্রক্রিয়া বন্ধ করে দেয়। শুধু তা-ই নয়, সেই পরবর্তী সরকারগুলো কারাগারে থাকা যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়ে তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে। তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রীও বানায়। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আবার সেই বিচার-প্রক্রিয়া শুরু করে। যদিও অনেকেই এই বিচার নিয়ে সন্দিহান ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যেই আদালতের রায়ে যাদের ফাঁসি হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করেছি। যারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এদের বিচারের জন্য আমরা কোনো বিশেষ ট্রাইব্যুনাল করিনি। স্বাভাবিক বিচারব্যবস্থায় বিচার করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বৈঠকে সোফিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার কথা শোনেন এবং শিগগিরই বুলগেরিয়াতে তাঁরা যেন কনস্যুলার সার্ভিস সুবিধা পান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী আগামী জুনের মধ্যে বুলগেরিয়ায় প্রবাসীদের ভিসাসহ অন্যান্য সমস্যা সমাধানে কনস্যুলার টিম পাঠিয়ে কনস্যুলার সার্ভিস চালুর আশ্বাস দেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুলগেরিয়ার সর্বাত্মক সহযোগিতার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। বুলগেরিয়া চতুর্থ দেশ হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।