গুপ্তহত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার ঘটনার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ কয়েকটি সংগঠন। গতকাল শনিবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে ও ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে হত্যার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম নেত্রকোনা জেলা শাখা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেত্রকোনা শাখা মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, উদ্যাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শীতাংশু বিকাশ আচার্য প্রমুখ বক্তব্য দেন। বক্তারা নিত্যরঞ্জন পান্ডে ও আনন্দ গোপাল গোস্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টাঙ্গাইল: নিত্যরঞ্জন পান্ডের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলা পূজা উদ্যাপন পরিষদ। গতকাল দুপুর ১২টা থেকে শহরের নিরালা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল কুমার সাহা, টাঙ্গাইল কালীবাড়ির সহসভাপতি চিত্তরঞ্জন সরকার, যুগ্ম সম্পাদক প্রদীপ গুণ, পূজা উদ্যাপন পরিষদ কমিটির সদর থানার সভাপতি উদয় লাল গৌর, চন্দন বসাক প্রমুখ বক্তব্য দেন।
মৌলভীবাজার: গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের চৌমোহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিহির কান্তি দেব। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল দেবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিষদের সহসভাপতি পীযূষ কান্তি সেন, আইনবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, উদ্যাপন পরিষদ পৌর কমিটির সভাপতি রণধীর রায়, টাউন চতুষ্পাঠীর অধ্যক্ষ মঞ্জু গোপাল দেব প্রমুখ।
কিশোরগঞ্জ: জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ যৌথভাবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন করে। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জিপি বিজয় শংকর রায়, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রমুখ। বক্তারা জঙ্গিবাদকে প্রতিহত করার আহ্বান জানান। এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় গতকাল বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও জেলা সৎসংঘ বিহার। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী স্বপন কুমার দেব, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার, সহসভাপতি দেবব্রত দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, পূজা উদ্যাপন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি প্রণব কান্তি দাশ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদ্যাপন পরিষদ ও জেলা ছাত্র ঐক্য পরিষদ গতকাল দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি পরিমল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চক্রবর্তী, জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সঞ্জীব সাহা, নয়ন চন্দ্র রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ব্যক্তিদের ওপর হামলাকারী লোকজনকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।