গুপ্তহত্যায় জড়িতদের শাস্তির দাবি

ধর্মীয় সংখ্যালঘুসহ সব হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার লালমনিরহাট ও গাইবান্ধায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে দ্রুত এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, ইসকন, ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গসহ কয়েকটি সংগঠন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়।
শৈলেন্দ্র কুমার রায় বলেন, ‘সরকার বলছে এসব ঘটনা কারা ঘটাচ্ছে তারা জানে, তাহলে তাদের ধরে ধরে বিচারের আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না? কেনই বা এসব ঘটনা কমছে না বরং বাড়ছে।’
একই দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। জেলা সিপিবি ও বাসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের জেলা সম্পাদক গোলাম রব্বানী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে গুপ্তহত্যা, টার্গেট কিলিং, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পুরোহিত হত্যাকাণ্ড বেড়েছে। অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।