গুপ্তহত্যায় সরকারি বাহিনী জড়িত: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে গুম-হত্যা এখন ভয়ংকর ও শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছে। আর এর সঙ্গে সরকারি বাহিনী জড়িত।জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এখানে-সেখানে লাশ পাওয়া যাচ্ছে, ধরে নিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই জানেন না। তিনি নাকি খবরের কাগজে পড়েছেন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারি নতুন নতুন বাহিনী এসব করছে। কোমরে প্রকাশ্যে পিস্তল নিয়ে সাদা পোশাকে মাইক্রোবাসে করে এসে যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলে বলছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক। যাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না। তিনি বলেন, ‘দেশে এখন আর কারও নিরাপত্তা নেই। আমার স্ত্রী জানে না আমি রাতে ঘরে ফিরে যাব কি না। কোনো মা জানে না তার সন্তান আর বাড়ি ফিরবে কি না? এ এক ভয়ংকর পরিস্থিতি। বাহাত্তর থেকে পঁচাত্তর সালে রক্ষীবাহিনী এভাবেই মানুষ গুম করত।’মহান বিজয় দিবস উপলক্ষে ‘এসো বিজয়ের কথা শুনি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, শামসুজ্জামান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ। আলোচনার সঞ্চালক ছিলেন ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সমালোচনা করেন। তিনি বলেন, ‘একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপক লুটপাট করেছে। তাদের রক্ষা করার জন্য পরবর্তী সময়ে একদলীয় বাকশাল গঠন করা হয়। বর্তমান দুর্নীতিবাজ সরকার এখন সেই পথে হাঁটছে।