গুম, গুপ্তহত্যার সঙ্গে সরকার সরাসরি জড়িত: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একের পর এক গুপ্তহত্যা ও গুমের ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, এসব ঘটনায় সরকার সরাসরি জড়িত।গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘গ্রুপ ২০০৯’ বা জি-৯ নামের বুদ্ধিবৃত্তিক একটি সংগঠন। এর আগে গতকাল দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা থেকে দেখা যাচ্ছে, রাষ্ট্র নিজেই হত্যা করছে। সরকারের বাহিনী বিনা বিচারে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে সরকারই সরাসরি জড়িত।’আলোচনা সভায় বলা হয়, দেশে গত ১১ মাসে বিচারবহির্ভূত হত্যা হয়েছে ৭৮টি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছে ৯৭ জন, নিখোঁজ ও নিখোঁজের পর হত্যার শিকার হয়েছে ২২ জন। জি-৯-এর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল মান্নান, মাহফুজউল্লাহ, জি-৯-এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ধানের শীষ পত্রিকার সম্পাদক সায়ন্থ সাখাওয়াত প্রমুখ। ছাত্রদলের তিন দিনের কর্মসূচি: তিন নেতা-কর্মী গুম এবং তাঁদের একজনকে হত্যার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনটি আজ সোমবার ঢাকায় ও মঙ্গলবার সব জেলা শহরে বিক্ষোভ এবং বুধবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করবে।গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন। এ সময় নিখোঁজ হওয়া দুজন ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৮ নভেম্বর রাতে হাতিরপুল এলাকা থেকে ছাত্রদল সূর্য সেন হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শামীম হাসান, ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন ও মিরপুরের মাসুম হোসেনকে অস্ত্রধারীরা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।