গুম আর খুনে স্তব্ধ নারায়ণগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে ‘বন্ধন’ পরিবহনের বাসটি নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে থামতেই চারদিকে থমথমে ভাব। সবার চেহারায় উদ্বেগ-উৎকণ্ঠা। তিন দিন আগে সাত সাতটি মানুষ শহর থেকে হারিয়ে গেছেন অথবা হারিয়ে ফেলা হয়েছে। সবার জিজ্ঞাসা—এরপর কে? এভাবেই কি নারায়ণগঞ্জ শহর চলবে? একদা সন্ত্রাসের জনপদ বলে খ্যাত নারায়ণগঞ্জ কি ফের গুম, খুন আর অপহরণের চারণভূমিতে পরিণত হবে?
বাসস্ট্যান্ড থেকে সোজা চলে আসি চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিসে। সেখানেও সেই একই আলোচনা —গুম হওয়া সাতজনের খোঁজ নিতে সাংবাদিক সহকর্মীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে টেলিফোন করেন। কিন্তু কেউ কোনো সুসংবাদ দিতে পারেন না।
এদিকে মঙ্গলবার থেকেই স্থানীয় প্রশাসনে তৎপরতা। ঢাকা থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান নারায়ণগঞ্জে এসে দফায় দফায় বৈঠক করেন অধস্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। গতকাল দুপুরে সহকর্মী আসিফ হোসেনকে সঙ্গে নিয়ে যখন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাই; দেখি, তিনি তখনো আলোচনা করছিলেন। বাইরে আইনজীবীদের বিক্ষোভ চলছে। তাঁদের দাবি, ‘অবিলম্বে আইনজীবী চন্দন সরকারকে ফিরিয়ে দিন।’ চন্দন সরকারের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমার বাবার কী অপরাধ? কেন তাঁকে গুম করা হলো?’ এর আগে আইনজীবীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিআইজিকে এ ব্যাপারে সাংবাদিকেরা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘অপহূতদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি আরও একটি সংবাদ দিলেন যে এখন থেকে আর সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কোনো অভিযুক্ত বা সন্দেহভাজনকে গ্রেপ্তার করবেন না। জিজ্ঞেস করি, ‘এ সিদ্ধান্ত কি কেবল নারায়ণগঞ্জের জন্য, না সারা দেশে?’ তিনি জবাব দিলেন, সারা দেশে। এর মাধ্যমে ডিআইজি স্বীকার করে নিলেন, এতদিন সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেপ্তার করতেন। সেই গ্রেপ্তারকৃতদের কতজন ফিরে এসেছেন, কতজন আসেননি, সে তথ্য জানার অধিকার নিশ্চয়ই দেশবাসীর আছে।
গতকাল দুই দফায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসসহ সব ধরনের যান চলাচল থামিয়ে দেয় বিক্ষুব্ধ মানুষ। প্রথম দফায় গত রোববার গুম হওয়া সাতজনের সন্ধানের দাবিতে, দ্বিতীয় দফায় কলাগাছিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে সেই সাতজনের মধ্যে ছয়জনের লাশ পাওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে। নদীর তীরে স্বজনদের আহাজারি আর বুকফাটা কান্নায় বাতাস ভারী হয়ে আসে। শত শত নারী-পুরুষ বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষমাণ ছিলেন। জীবিত মানুষ নয়, লাশের অপেক্ষা। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বারবার একজন সাংসদের নাম ধরে সবার কাছে প্রশ্ন রাখেন, কেন তিনি তাঁর স্বামীকে এভাবে মেরে ফেললেন?
এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সড়কও।
কিছুদিন ধরেই নারায়ণগঞ্জে সব শ্রেণী ও পেশার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। প্রায় প্রতিদিন শীতলক্ষ্যা ও বালু নদীতে লাশ ভাসতে দেখা যায়। এককালের প্রাচ্যের ডান্ডি এখন গুম, খুন ও আতঙ্কের শহর। নদীতে ভাসছে লাশ আর তীরে স্বজনের আহাজারি। এমনকি অন্য এলাকায় খুন করে খুনিরা নারায়ণগঞ্জে ফেলে রেখে যায়। কেননা, এখানে কোনো জবাবদিহি করতে হয় না। প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিরা মিলে নারায়ণগঞ্জে এক ভীতিকর পরিবেশ তৈরি করেছে। যেমনটি হয়েছিল ১৯৯৬-২০০১ সালে।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এই নারায়ণগঞ্জ থেকেই কয়েক দিন আগে গুম হন। সেই গুমের ঘটনা নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে ৩৫ ঘণ্টা পর অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশ এখনো কোনো অপরাধীকে ধরতে পারেনি অথবা ধরতে চায়নি।
আবু বকর সিদ্দিক উদ্ধার হওয়ার পর নারায়ণগঞ্জবাসী কিছুটা স্বস্তিবোধ করে। কিন্তু তাদের সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১০ দিনের ব্যবধানে একই জায়গা থেকে প্রথমে গুম হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজন। এর কিছুক্ষণ পর অপহরণ করে

নিয়ে যাওয়া হয় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালককে। নজরুল ইমলাম অপহরণ ঘটনার প্রধান অভিযুক্ত নূর হোসেনও একজন কাউন্সিলর এবং তাঁরা দুজনই প্রভাবশালী এক সাংসদের শিষ্য।
এসব গুম ও অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জবাসী শঙ্কিত। রাস্তায়, হোটেলে, রেস্তোরাঁয়, সরকারি-বেসরকারি অফিসে যাঁদের সঙ্গেই কথা বলেছি, তাঁরা সেই শঙ্কার কথাটিই জানিয়েছেন। ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। তার পরও তাঁদের মনে ক্ষীণতম আশা ছিল যে এতগুলো মানুষকে হয়তো দুর্বৃত্তরা প্রাণে মেরে ফেলবে না। কেউ না কেউ অবু বকর সিদ্দিকের মতো অক্ষত দেহে ফিরে আসবেন। কিন্তু গতকাল অপরাহ্নে শীতলক্ষ্যা থেকে একে একে ছয়টি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি ঘটছিল অনেক দিন আগে থেকেই। অথচ নারায়ণগঞ্জের প্রশাসন ও পুলিশ নির্বিকার। গতকাল জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সঙ্গে আলাপকালেও তাঁর চেহারায় উদ্বেগ দেখিনি। তাঁর সময়ে নারায়ণগঞ্জে যে একের পর এক খুন ও অপহরণের ঘটনা ঘটেছে, কোনো প্রতিকার হয়নি, আসামি ধরা পড়েনি, এসবকেও তিনি ব্যর্থতা বলে মনে করেন না। জেলা প্রশাসক নিজের সাফাই গাইতে গিয়ে বলেছেন, তিনি কখনোই কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, করবেন না। কিন্তু নারায়ণগঞ্জের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপ করে জেনেছি, তিনি পদে পদেই প্রভাবশালীদের সঙ্গে আপস করেছেন।
নারায়ণগঞ্জের বিদায়ী এসপি সৈয়দ নূরুল ইসলাম আরও এককাঠি সরেস। তিনি বলেছেন, এটি অপহরণ কি না, তা নিশ্চিত বলা যাচ্ছে না। কেননা, এর কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
মেয়র সেলিনা হায়াৎ আইভী গতকাল ঢাকায় গিয়েছিলেন একটি মামলার ব্যাপারে। তিনি যাতে ত্বকী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে না পারেন, সে জন্য তাঁর ভাইসহ পাঁচজনকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে। আলাপ প্রসঙ্গে সেলিনা হায়াৎ আইভী বললেন, ত্বকী হত্যার বিচার হলে নারায়ণগঞ্জ থেকে এতগুলো মানুষ লাশ হয়ে ফিরতেন না।
গতকাল দিনভর নারায়ণগঞ্জ ছিল থমথমে। শোকে নয়, ক্ষোভে। রাস্তায় যানবাহন ও লোক চলাচলও ছিল কম। রাত আটটার পর শহর প্রায় ফাঁকা হয়ে যায়। রাতের আঁধারের সঙ্গে আতঙ্কও যেন জেঁকে বসেছে মানুষের মনে।