বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের দাবি জানিয়ে গত সোমবার বিবৃতি দিয়েছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সংগঠন দুটি হলো ম্যানিলাভিত্তিক দি এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (আফাদ) ও ব্যাংককভিত্তিক দি এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া)।
বিবৃতিতে ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে যানবাহনে পেট্রলবোমা হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জনসাধারণের ওপর পেট্রলবোমা হামলা বন্ধে যখন যেখানে যে ধরনের ব্যবস্থা দরকার, তা নেওয়ার নির্দেশ দেন। এর দায়িত্ব তিনি নেবেন বলেও উল্লেখ করেন। এ ছাড়া বেশ কয়েকজন মন্ত্রী, পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) শীর্ষ কর্মকর্তারাও সন্দেহভাজন হামলাকারীদের দেখামাত্র গুলির হুঁশিয়ারি দেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের আশঙ্কা করা হচ্ছে। বিবৃতিতে সরকারকে এ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন দুটি। পাশাপাশি সব দলের পক্ষ থেকে তাদের নেতা-কর্মীদের সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ারও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে চলমান সহিংসতা বন্ধে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।