গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জতীয় মানবাধিকার কমিশন ও হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (১৯টি মানবাধিকার সংগঠনের মোর্চা) পৃথকভাবে বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘে দুটি প্রতিবেদন জমা দিয়েছে। এই দুটি প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে সরকার অনেকটা পিছিয়ে আছে। বিশেষ করে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে।প্রতিবেদন দুটিতে ২০০৯ থেকে ২০১২ সময়ের বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।হিউম্যান রাইটস ফোরামের সচিবালয় হিসেবে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এই সংস্থার সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত গুম হয়েছে ১৫৬ জন, যার মধ্যে ২৮ জনের মৃতদেহ পাওয়া গেছে। এই সময়ে ক্রসফায়ারের নামে ৪৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। র‌্যাবের গুলিতে পা হারিয়েছে ঝালকাঠির কিশোর লিমন হোসেন।অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগ জানানোর তালিকায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের অভিযোগ পাওয়া গেছে পাঁচটি। গত বছর এই সংখ্যা ছিল ১১টি। চলতি বছর নিরাপদ হেফাজতে (কাস্টডিয়াল ডেথ) মৃত্যু ও নির্যাতনের বিষয়ে অভিযোগ এসেছে ২২টি, গত বছর ছিল ৩২টি।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার ‘জিরো টলারেন্স’-এর কথা বলেছে। কিন্তু এখন ভাষ্য বদলে গেছে। জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় সরকার বিশেষ গুরুত্বই দিতে চাইছে না।জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় গত ৯ অক্টোবর এই দুটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় সরকার আগামী ডিসেম্বর মাসে প্রতিবেদন জমা দেবে।ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) বা সর্বজনীন পুনর্বীক্ষণ জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত একটি নতুন প্রক্রিয়া। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত আগামী ইউপিআর অধিবেশনে এসব প্রতিবেদন বিবেচনা করা হবে।হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের সদস্য সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে পারছে না। এ কারণে জনগণের এ ধরনের সংস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে। এর পরিণাম গণতন্ত্র ও মানবাধিকারের জন্য শুভকর নয়।ইউপিআর প্রক্রিয়ায় জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের সার্বিক মানবাধিকার পরিস্থিতি চার বছর পর পর পর্যালোচনার পর সুপারিশ দেওয়া হয়। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এই অধিবেশনেও সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনকে বরদাশত করবে না বলে এসেছিল।প্রথম ইউপিআর অধিবেশনে ধর্মীয় সংখ্যালঘুদের কল্যাণের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে সরকারের অঙ্গীকার ছিল। কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করে সব সংখ্যালঘু তথা ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, উপাসনালয়ে আক্রমণ ও ভাঙচুরের ঘটনার ক্ষেত্রে সাম্প্রতিক রামুর ঘটনার কথা প্রতিবেদন দুটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।মানবাধিকারকর্মীরা বলছেন, ২০০৯ সালে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হলেও এই পৃথককরণ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের জন্য কোনো আচরণ বিধিমালা নেই। আর্থিক অধীনতা, রাজনৈতিক প্রভাব কমিশনের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে। হিউম্যান রাইটস ফোরামের প্রতিবেদনে বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, শরণার্থীদের অধিকার-সংক্রান্ত সনদে বাংলাদেশ এখনো অনুমোদন করেনি। সম্প্রতি মিয়ানমারে দাঙ্গার কারণে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে বাংলাদেশের অস্বীকৃতি শরণার্থীদের অধিকার খর্ব করে এবং মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে।জাতীয় মানবাধিকার কমিশন ও ফোরামের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছেদের আগে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও জোরপূর্বক উচ্ছেদ অব্যাহত থাকা, পারিবারিক নির্যাতন, বৈষম্যমূলক পারিবারিক আইন, যৌতুকের জন্য নির্যাতন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, ফতোয়া, যৌন হয়রানি প্রভৃতি নারীর অধিকার খর্ব করছে নানাভাবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধানের দিকেও সরকার নজর দেয়নি।হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের সভাপতি সুলতানা কামাল বলেন, প্রতিবেদনে সরকারের অর্থনৈতিক, সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রের ভালো উদ্যোগের কথাও বলা হয়েছে। দুটি প্রতিবেদনেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করায় সরকারকে ধন্যবাদও জানানো হয়েছে।