গুম ও হত্যার তথ্য সংগ্রহে কুমিল্লায় বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল শনিবার কুমিল্লায় এসেছে। তারা কুমিল্লা জেলায় গুম, হত্যা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের তথ্য সংগ্রহ করবে।
প্রতিনিধিদলের সদস্যরা দুপুরে কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা ও নিহত ছাত্রদল কর্মী দেলোয়ার হোসেনের বাড়ি পরিদর্শন করেন।
গত ২৫ নভেম্বর দেলোয়ার নগরের মনোহরপুর এলাকায় মিছিল করতে গিয়ে মারা যান।
এরপর প্রতিনিধিদলের সদস্যরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে যান। সেখানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক ও তাঁর পরিবারের ওপর নির্যাতনের বর্ণনা শোনেন তাঁরা।
প্রতিনিধিদলের সদস্যরা লাকসামে সংখ্যালঘুদের ওপর নির্যাতনেরও তথ্য নেন। তাঁরা লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ গুম হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। গত ২৭ নভেম্বর ওই দুই নেতা গুম হন।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, একের পর এক বিএনপির নেতা-কর্মীদের হত্যা, গুম এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা জানতে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধিদল কুমিল্লায় এসেছে।