গুম-খুন বন্ধে প্রশাসনের অবহেলায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষত নারায়ণগঞ্জে অপহরণ, গুম ও হত্যার ঘটনা বন্ধে প্রশাসনের দায়িত্বে অবহেলায় সভায় গভীর উত্কণ্ঠা প্রকাশ করেছে কমিশন।
গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এই উদ্বেগ ও উত্কণ্ঠা কথা জানানো হয়। কমিশন মনে করে, রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্ম-অবহেলা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মানবাধিকার পরিস্থিতিতে করণীয় নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, অপহরণ, গুম, হত্যা বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে মানবাধিকার সুরক্ষায় নির্দেশনার জন্য মানবাধিকার কমিশন উচ্চ আদালতের শরণাপন্ন হবে।
কমিশন মনে করে, নারায়ণগঞ্জে সম্প্রতি সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও তদন্ত বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে শৈথিল্য মানবাধিকার পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। প্রতিটি ঘটনায় সন্দেহের তির ছোড়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। যথাযথ অনুসন্ধান ও তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে না পারলে এর দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই বর্তাবে। রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে এ অবহেলা মানবাধিকারের জন্য অশনিসংকেত। বিজ্ঞপ্তি।