গুম-খুন, হামলা-মামলা দিয়ে এই সরকার টিকে থাকতে পারবে না
গুম-খুন, জুলুম, নির্যাতন, হামলা-মামলা দিয়ে এই অবৈধ সরকার টিকে থাকতে পারবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
কেন্দ্র ঘোষিত গুম প্রতিরোধ দিবস ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রামের ২০-দলীয় জোটের নেতারা এই কথা বলেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও বিশেষ অতিথি নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বক্তৃতা করেন।
কর্মসূচিতে লেবার পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি আলাউদ্দিন, এলডিপির চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শওকত হোসেন, কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন।
সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, দেশের মানুষ আজ নিরাপদ নয়। কথায় কথায় গুম ও খুন হচ্ছে। কেবল বিরোধীদলীয় নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও আজ নিরাপদ নয়। তাই অবৈধ সরকার হটিয়ে নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে দেশে জনগণের সরকার কায়েম করতে হবে।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, অবৈধ সরকার প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। বিগত সরকার আমলের বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলম, চট্টগ্রামের বাচা চেয়ারম্যানসহ অসংখ্য নেতা-কর্মীকে গুম করা হয়। গুম হওয়া কোনো নেতা-কর্মীর সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি।