গুম-খুনে গভীর উদ্বেগ ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম আনা l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম আনা l ছবি: প্রথম আলো

বাংলাদেশের সাম্প্রতিক গুম, খুন ও অপহরণের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। বিচারবহির্ভূত এ ধরনের প্রতিটি ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে ২৮ জাতির এ জোট।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ দাবি জানান ঢাকায় কর্মরত ইইউভুক্ত নয়টি দেশের শীর্ষ কূটনীতিকেরা।
আজ শুক্রবারের ইউরোপ দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ঘুরে-ফিরে উঠে আসে চলমান গুম-খুন, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আর নির্বাচন নিয়ে ইইউর অবস্থানের মতো বিভিন্ন বিষয়।
সংবাদ সম্মেলনের শুরুতে ইইউর প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে জোটটির ভূমিকা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে লিখিত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম আনা। এরপর তিনি ও তাঁর সহকর্মীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নারায়ণগঞ্জের সাম্প্রতিক সাত অপহরণ ও খুন, র্যাব সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উইলিয়াম আনা বলেন, ‘এ বিষয়ে আমরা সাম্প্রতিক সময়ে আমাদের উদ্বেগ জানিয়েছি। আগামী দিনেও আমরা এ (এসব অব্যাহত থাকলে) নিয়ে উদ্বেগ জানিয়ে যাব। এ ধরনের প্রতিটি ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত।’
যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক লো নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার প্রসঙ্গ। তাই এ বিষয়ে নিয়মিত আলোচনা হয়।
নিক লো সম্প্রতি সুনামগঞ্জে নিখোঁজ হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিএনপি নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালককে খঁুজে বের করতে সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দুই বছর আগে নিখোঁজ হওয়া সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে খঁুজে বের করার কথাও বলেন তিনি।
সুনামগঞ্জের বিএনপি নেতা মুজিবুর রহমান প্রসঙ্গে নিক লো বলেন, ‘আমরা দেখতে চাই মুজিবুর ও তাঁর চালককে নিরাপদে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। কেন তাঁরা নিখোঁজ হলেন, সেটি সরকারকে জানাতে বলেছি।’
নিক লো বলেন আরও, ‘দুই বছর আগে গাড়িচালকসহ বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা ভুলে যাইনি। তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে সরকারের কাছে আহ্বান জানাই।’
উইলিয়াম আনা ও নিক লো দুজনই মন্তব্য করেন, অপহৃত ব্যক্তি যুক্তরাজ্য কিংবা বাংলাদেশ, যে দেশের নাগরিকই হোন না কেন, ন্যায়বিচার নিশ্চিত হওয়াটা জরুরি। উইলিয়াম আনা আরও বলেন, মানুষের জীবনের জন্য আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে শক্তিশালী নাগরিক সমাজের ওপর গুরুত্ব দেন ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার। তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করতে হলে মানবাধিকারকর্মীদের উচ্চকণ্ঠ হতে হবে।
লিখিত বক্তব্যে উইলিয়াম আনা উল্লেখ করেন, বাংলাদেশে মানবাধিকার কর্মীদের হয়রানির ঘটনায় ইইউ উদ্বিগ্ন।
সংলাপ নিয়ে অস্পষ্টতা: লিখিত বক্তব্যে উইলিয়াম আনা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে ইইউর আহ্বান পুনর্ব্যক্ত করেন। বিএনপির বয়কট করা ৫ জানুয়ারির নির্বাচনকে সমর্থন করে না ইইউ। নতুন করে নির্বাচন অনুষ্ঠান, না প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা; কোন উদ্দেশ্যে ইইউ সংলাপের তাগিদ দিচ্ছে, তা জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘রাজনৈতিক সমস্যার সমাধান ও নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন। তবে এ ব্যাপারে পরামর্শ দেওয়াটা আমাদের কাজ নয়।’
সংলাপ নিয়ে ইইউর আহ্বানের ব্যাপারে সম্পূরক এক প্রশ্নের উত্তরে উইলিয়াম আনা বলেন, ‘আমি মনে করি, প্রথমে সমস্যাটা মোকাবিলা করা জরুরি। তবে সমাধানের পথ কী হবে, সেটা বলা আমাদের কাজ নয়। আমরা মনে করি, সামনে এগোতে হলে সংলাপ জরুরি।’
বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি, সবকিছুই এক সুতোয় বাঁধা বলেও অভিমত দেন ঢাকায় ইইউর শীর্ষ এ কূটনীতিক৷
দ্রুত ক্ষতিপূরণের তাগিদ: রানা প্লাজা ধসের পর গত এক বছরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কারখানার নিরাপত্তা ও শ্রমিক স্বার্থ সুরক্ষায় অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উইলিয়াম আনা। তবে শুধু তৈরি পোশাক নয়, ইউরোপে বাংলাদেশের সব পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখার স্বার্থে শ্রম মানের উল্লেখযোগ্য অগ্রগতি গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি।
কর্মপরিবেশের উন্নতি ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জ্যেষ্ঠ এ ইউরোপীয় কূটনীতিক বলেন, ‘গত এক বছরে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে এবং এ প্রক্রিয়ায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী জুলাইতে ইউরোপে বিষয়টি পর্যালোচনা করা হবে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আমরা তা দেখতে চাই।’