গুম-খুনে জড়িতদের আইনের আওতায় আনুন: গণফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের এক প্রস্তাবে বলা হয়েছে, দেশব্যাপী ক্রমবর্ধমান অপহরণ-গুম-খুনের ঘটনায় দেশবাসী আতঙ্কগ্রস্ত। দলটি মনে করে, ঘটনা যা-ই ঘটুক সত্যিটা প্রকাশের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তথা সরকারের। সরকার নিজের দায়িত্ব বেমালুম ভূলে যাচ্ছে।
গুম-খুন-অপহরণ ও ঘুষ-দুর্নীতির প্রতিবাদে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগর শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচির প্রস্তাবে এসব কথা বলা হয়।
প্রস্তাবে আরও বলা হয়, গত কয়েক দিনে খুন-গুম-অপহরণ আরও বেড়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আসছে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। সবচেয়ে আশঙ্কার ব্যাপার, এসব ঘটনার তদন্ত প্রতিবেদন সঠিকভাবে জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। গণফোরাম অবিলম্বে গুম-খুন-অপহরণ বন্ধ এবং প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
ঢাকা মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। বিজ্ঞপ্তি।