গুম-খুনের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে সরকার: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অবৈধ’ সরকার গুম, খুন ও অপহরণের উপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। এর ফলে সমাজে এখন ভয়ংকর নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

আজ রোববার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন বিএনপির চেয়ারপারসন। আমানকে কারাগারে পাঠানোর ঘটনায় ‘ক্ষোভ’ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বর্তমান ‘অবৈধ’ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চক্রান্তের জাল বিস্তার করে যাচ্ছে। আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে তাঁকে কারাগারে প্রেরণ সেই চক্রান্তেরই অংশ।

খালেদা জিয়া বলেন, আওয়ামী দুঃশাসনের ফলে মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি। জন দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হেনস্তা করা হচ্ছে। শুধু সন্ত্রাসনির্ভর রাজনীতি চর্চার কারণেই শাসকদল অবৈধভাবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে গোটা দেশকে এক ভয়াল নরকে পরিণত করেছে।

খালেদা জিয়া বলেন, ‘ঐতিহ্যগত কারণেই গণতান্ত্রিক চেতনাবোধ হীন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পথ ধরে এগোচ্ছে। তারা বিরোধী দলবিহীন কেবলমাত্র নিজেদের কর্তৃত্বাধীন একটি রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে। তাই নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন কৌশলের অংশ হিসেবে বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে।’