গুম-খুনের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে সরকার: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অবৈধ’ সরকার গুম, খুন ও অপহরণের ওপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। এর ফলে সমাজে এখন ভয়ংকর নৈরাজ্য সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন বিএনপির চেয়ারপারসন। আমানকে কারাগারে পাঠানোর ঘটনায় ‘ক্ষোভ’ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন খালেদা জিয়া।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চক্রান্তের জাল বিস্তার করে যাচ্ছে। আমানউল্লাহর জামিন বাতিল করে তাঁকে কারাগারে প্রেরণ সেই চক্রান্তেরই অংশ।
খালেদা জিয়া বলেন, আওয়ামী দুঃশাসনের ফলে মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির সম্মুখীন। জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগে বিরোধী দলের নেতা-কর্মীদের হেনস্তা করা হচ্ছে। শুধু সন্ত্রাসনির্ভর রাজনীতি চর্চার কারণেই শাসক দল অবৈধভাবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে গোটা দেশকে এক ভয়াল নরকে পরিণত করেছে।
খালেদা জিয়া বলেন, ‘ঐতিহ্যগত কারণেই গণতান্ত্রিক চেতনাবোধহীন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পথ ধরে এগোচ্ছে। তারা বিরোধী দলবিহীন কেবল নিজেদের কর্তৃত্বাধীন একটি রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে। তাই নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন কৌশলের অংশ হিসেবে বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে অন্তরীণ রাখছে।’
ফখরুলের বিবৃতি: আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বিবৃতিতে তিনি বলেন, ‘একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয়, তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে শিগগিরই দিতে হবে।’
রুহুল কবিরের ব্রিফিং: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে অভিযোগ করেন, দেশে আইনের শাসন নয়, হুকুমবাদের চর্চা চলছে। র্যাব, পুলিশ শুধু এক ব্যক্তির ফরমান বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে।
তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে থাকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘ডেথ ওয়ারেন্ট’, যেকোনো সময় যেকোনো স্থানে তারা তা কার্যকর করতে পারে। সরকারের সমর্থনপুষ্ট কিছু গণমাধ্যম বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলের আন্দোলন নিয়ে ‘হেইট ক্যাম্পেইন’ চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।