গুম-খুনের জন্য সরকারের পদত্যাগ দাবি ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুনের ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশে চলা গুম-খুনের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল এ কথা বলেন।
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া উপলক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদল।
মির্জা ফখরুল বলেন, সাত খুনের ঘটনায় সরকারদলীয় লোকজন জড়িত। এখন সরকারদলীয় এমপি-মন্ত্রীদের নাম আসছে। একজন মন্ত্রীর জামাতার নাম এসেছে। আগে এসবের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।