গুম-খুনের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুনের ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশে চলা গুম, খুনের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
আজ শনিবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের কারাগার থেকে জামিনে মুক্তি উপলক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি আগেই বলেছে, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকারদলীয় লোকজন জড়িত। এখন সরকারদলীয় এমপি-মন্ত্রীদের নাম আসছে। একজন মন্ত্রীর জামাতার নাম এসেছে। আগে এসবের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানান তিনি।
সারা দেশে একের পর এক গুম, খুনের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার পাঁচ বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ভয় ভীতি দেখাতে ও ত্রাস সৃষ্টি করতে তাঁরা একের পর এক অপহরণ ও গুমের আশ্রয় নিচ্ছে। নারায়ণগঞ্জসহ সব গুম, খুনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।