গুম, খুনের বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই
গুম, খুনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ’ নামের একটি সংগঠনের আয়োজিত ‘গুমরাজ্যে প্রত্যাবর্তন-গণতন্ত্রের শবযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সরকার গুম, খুনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশ মৃত্যু উপত্যকা বহুদিন ধরে। কিন্তু কেউ এর প্রতিবাদ করেনি বলে এটা এখন আরও বেড়ে গেছে।’ তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই গুম, খুন চলে আসছে। রক্ষীবাহিনীর সন্ত্রাস ও নির্যাতন বর্তমান সময়ের চেয়ে কোনো অংশে কম ছিল না।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, গুম, খুন অবসানে বিএনপির অনেক বেশি দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘বিএনপির দলের ভেতরে গণতন্ত্রায়ণ না হলে আন্দোলনে সফল হবে না।’ গুম, হত্যা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার বলেন, বর্তমানে দেশে যা হচ্ছে, তার জন্য যতটা না আওয়ামী লীগ দায়ী, তার চেয়ে বেশি দায়ী বিএনপি। আন্দোলনে বিএনপির নেতাদের রাজপথে না থাকার সমালোচনা করেন তিনি। মওদুদ আহমদের বই নিয়ে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন করে বক্তব্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ কে খন্দকারের বই নিয়ে কথা বলতে গিয়ে আপনারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন। কিন্তু মওদুদের বই নিয়ে তাঁকে চেপে ধরেন কেন?’
প্রায় এক বছর ধরে নিখোঁজ ৩৮ নম্বর ওয়ার্ড (বর্তমানে ২৫ নম্বর) বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম ফেরদৌসী নিখোঁজদের ফেরত দিতে সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, ‘সুমনসহ নিখোঁজদের ফেরত দিন, না হয় খুঁজে দিন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির একাংশের চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, বিএনপির নেতা ওয়াদুদ ভূঁইয়া, স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশের প্রধান সমন্বয়ক এস এম সায়মন কামালী প্রমুখ।