গুম দিবস উপলক্ষে সিলেটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন ও মৌন মিছিল করেছে মানবাধিকার সংগঠন অধিকার। গতকাল শুক্রবার সকালে নগরের পশ্চিম দরগাহ গেট এলাকায় মৌন মিছিল করে সুবিদবাজার এলাকায় সিলেট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ থেকে অধিকারের কারাবন্দী সেক্রেটারি আদিলুর রহমানের মুক্তির দাবি জানানো হয়।অধিকারের সিলেট শাখার সমন্বয়কারী মুহিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, মানবাধিকারকর্মী আবদুর রশিদ, মানব চ্যাটার্জি, মুফতি নেহাল উদ্দিন, চৌধুরী দেলোয়ার হোসেন, সামাজিক সংগঠন সুরমা বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ যুব পদকপ্রাপ্ত আলী আহসান। ২০০৯ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ ৮৭ জন গুম হন বলে অধিকার সংগৃহীত তথ্য সমাবেশে উপস্থাপন করা হয়। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে সমাবেশ থেকে বক্তারা গুম প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।অধিকারের সিলেট শাখার সমন্বয়কারী জানান, গত বছরের ১৭ এপ্রিল সিলেটের রাজনীতিবিদ এম ইলিয়াস আলী তাঁর গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন। এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও তাঁর সন্ধান মেলেনি। সিলেটের রাজনৈতিক ও সমাজিক অঙ্গনে আলোচিত এ গুম ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ‘তাঁদের বাড়িতে ফিরিয়ে দাও’ ব্যানারে আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়।