গুম-নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এসএএইচআর
বাংলাদেশে গুম ও নিখোঁজ হওয়ার ঘটনা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)।মানবাধিকার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি খুবই হতাশাজনক যে বেশির ভাগ নিখোঁজ ও গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে আঙুল তুলছে এবং তাদের সন্দেহ করছে। এসব অভিযোগের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে সরকার ব্যর্থ হচ্ছে।এসএএইচআর বলেছে, গুম ও নির্যাতনের কিছু কিছু ক্ষেত্রে ক্ষতচিহ্নসহ লাশ উদ্ধারের ঘটনা এটাই ইঙ্গিত দেয়, ভুক্তভোগীরা সর্বোচ্চ পর্যায়ের নির্যাতনের শিকার হয়েছে, যা চরম মানবাধিকার লঙ্ঘন। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে অথবা ক্রসফায়ারে মৃত্যু হলে তাতে কারা জড়িত, তা সহজেই জানা যাচ্ছে। কিন্তু গুমের ক্ষেত্রে কারা অপরাধী, তা জানা যাচ্ছে না। তাই দেশের সাধারণ মানুষ চরম শঙ্কার মধ্যে আছে।মানবাধিকার সংগঠনটি বলেছে, নিখোঁজ ও গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভাড়াটে খুনি বা অন্য যারাই জড়িত থাকুক না কেন, তা একটি গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ও নৈরাজ্য প্রমাণ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন নিজেদের হাতে তুলে নিলে অথবা অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।এসএএইচআর মনে করে, বাংলাদেশের সংবিধান এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল কোভন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, কনভেনশন অ্যাগেইনস্ট টর্চার (সিএটি) ও রোম স্ট্যাচু অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিধি অনুযায়ী বিচারবহির্ভূত যেকোনো ধরনের হত্যাকাণ্ড ও গুম থেকে জনগণকে রক্ষায় বাংলাদেশ সরকারের বড় দায়দায়িত্ব রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার ভয়াবহ অপব্যবহারের এই চর্চা বন্ধ, নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এসএএইচআর। সংস্থাটি গুমের মতো অপরাধ থেকে সব নাগরিককে রক্ষায় সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।