গুম নিয়ে জাতিসংঘের তদন্ত চায় এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহতভাবে চলতে থাকা গুম ও অপহরণের ইতি টানার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের তদন্তকারীদের আমন্ত্রণ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক-ভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ২০১৩ সাল থেকে বিরোধী দলের কর্মীসহ কয়েক শ ব্যক্তিকে অবৈধভাবে আটক করেছে। তাঁদের অনেকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

‘তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপন আটক ও গুম’ শিরোনামে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৩ ও ২০১৫ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ গুম, খুন ও অপহরণের বিষয়গুলো খতিয়ে দেখতে বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু সরকার কোনো সাড়া দেয়নি। গত বছরের মে মাস পর্যন্ত জাতিসংঘের গুমবিষয়ক কর্মপরিষদের (ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স) কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে ৩৪টি অভিযোগ জমা পড়ে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘অভিযোগ উঠেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তারা যাকে যখন খুশি আটক করছে। তারাই সিদ্ধান্ত দিচ্ছে আটক ব্যক্তিদের শাস্তি কী হবে, তারা দোষী না নির্দোষ। এমনকি তুলে আনা ব্যক্তিদের বেঁচে থাকার অধিকার আছে কি নেই, সেটাও তারাই ঠিক করছে।’

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, এসব কথা অমূলক। যুদ্ধাপরাধীদের বিচারের সময় হিউম্যান রাইটস ওয়াচ নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। নতুন এ প্রতিবেদনটিও সেই প্রচারণার অংশ।

হিউম্যান রাইটস ওয়াচ অবশ্য তাদের প্রতিবেদনে বলেছে, গুম নিয়ে বাংলাদেশের দুই মন্ত্রী দুই ধরনের কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকারকে বিব্রত করতে কেউ কেউ নিজেই নিখোঁজ থাকছেন। আবার আইনমন্ত্রী আনিসুল হক জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির কাছে স্বীকার করেন যে বাংলাদেশে গুমের ঘটনা ঘটছে, কিন্তু সংখ্যাটা খুবই নগণ্য। জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘দু-একটি ঘটনা আগে ঘটেছে। আমি সে কথাই বলেছি। সেসব ঘটনায় যারা অভিযুক্ত ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

প্রতিবেদনে গুম পরিস্থিতি

সংস্থাটি বলছে, কেবল গত বছর ৯০ জন ব্যক্তি গুম হয়েছেন। তাঁদের মধ্যে কাউকে কাউকে অজ্ঞাত স্থানে আটক রাখার কয়েক সপ্তাহ বা কয়েক মাস রাখার পর আদালতে উপস্থাপন করা হয়। ২১ জনের লাশ উদ্ধার হয়। ৯ জনের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া জানা যায়নি। এই ৯০ জনের মধ্যে বিরোধী দলের তিন নেতার সন্তানও রয়েছেন। গত বছরের আগস্টে তাঁরা নিখোঁজ হন। ছয় মাস পর অজ্ঞাত স্থান থেকে একজন মুক্তি পেয়ে বের হন, বাকি দুজনের কোনো খোঁজ মেলেনি। আর চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৪৮ জন নিখোঁজ হন।

ওই প্রতিবেদনে ২০১৬ সালের শুরু থেকে গুম হয়েছে এমন ব্যক্তিদের পরিবার এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে, ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনে গুম হওয়া বিএনপির ১৯ নেতা-কর্মীর পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে র‍্যাব ও ডিবি (পুলিশের গোয়েন্দা বিভাগ) গুম ও হত্যার সঙ্গে জড়িত।

জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতী মাহমুদ খান এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ অসত্য।

এইচআরডব্লিউকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো বলেছে, তারা বারবার র‍্যাব ও ডিবিসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েছে। কেউ কেউ জাতিসংঘের গুমবিষয়ক কর্মপরিষদের কাছে অভিযোগ দিয়েছেন। কেউ কেউ বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেছেন এবং কেউ স্বজনের সন্ধান চেয়ে উচ্চ আদালতেও গেছেন। কয়েকটি ঘটনা ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে এ ধরনের অভিযোগকে আমলে নেয়নি প্রতিষ্ঠানগুলো, পুলিশও কোনো তদন্ত করেনি। কোনো কোনো ক্ষেত্রে ‘গা বাঁচানো’ তদন্ত করেছে পুলিশ।

ওই প্রতিবেদনে বিএনপির নেতা সাজেদুল ইসলামের (সুমন) নাম উল্লেখ আছে। তিনি নিখোঁজ হন ২০১৩ সালের ৪ ডিসেম্বর। সাজেদুলের একজন স্বজন হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, র‌্যাবের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্যক্তিগত আলাপচারিতায় তাঁদের জানান, সাজেদুলসহ চার-পাঁচজন তাঁর হেফাজতে ছিল। পরে র‌্যাবেরই অন্য একটি দল তাঁদের নিয়ে যায়।

জানতে চাইলে সাজেদুলের বোন সানজিদা ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ভাইয়ের সন্ধান চেয়ে হাইকোর্টে হেবিয়াস করপাস রিট করি। কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর রুল নিশি জারি করেছিলেন। কিন্তু গত বছরের মার্চ থেকে রিটের আর কোনো শুনানি হয়নি।’

সংস্কৃতি পুরোনো

১৯৯৬ সালে কল্পনা চাকমা অপহরণের মধ্য দিয়ে বাংলাদেশে গুম সংস্কৃতির শুরু বলে প্রতিবেদনে বলা হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিএনপি সরকারের আমলে ২০০২ সালে অপরাধ নিয়ন্ত্রণের নামে অপারেশন ক্লিন হার্ট চালায় নিরাপত্তা বাহিনী। কয়েক হাজার মানুষ সে সময় গ্রেপ্তার হন, ৪০ জন মারা যান। ২০০৪ সালে বিএনপি র‍্যাব গঠন করে। প্রতিষ্ঠার প্রথম দুই বছরে র‍্যাবের কথিত ক্রসফায়ারে ৩৬৭ জন নিহত হন।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারাও সেই পথে হেঁটেছে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’কে উদ্ধৃত করে সংস্থাটি জানাচ্ছে, ২০০৯ সাল থেকে ৩২০ জনের খোঁজ মেলেনি। এ তালিকায় যেমন সন্দেহভাজন অপরাধীরা আছেন, তেমনি আছেন জঙ্গিবাদে জড়িয়ে পড়া লোকজন এবং বিরোধীদলীয় নেতা-কর্মীরাও। তাঁদের মধ্যে ৫০ জন পরে নিহত হন, অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। কেউ কেউ ‘গুপ্ত বন্দিশালা’ থেকে বেরিয়ে এসেছেন, আবার কাউকে কাউকে পরে আদালতে উপস্থাপন করা হয়েছে।

অবশ্য আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘তদন্তের আগে অবৈধ আটক হচ্ছে বা গুপ্ত বন্দিশালা আছে-এ কথা মানতে আমি রাজি নই।’ তিনি বলেন, শুধু প্রতিবেদন প্রকাশ করলেই হবে না, এইচআরডব্লিউকে প্রমাণ দিতে বলব।

প্রতিবেদনে গুম, খুন ও অপহরণ বন্ধে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি গুমের অভিযোগ খতিয়ে দেখতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুপারিশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে র‍্যাব ভেঙে দেওয়ার কথাও বলা হয়েছে, যে দাবিটি এইচআরডব্লিউ এর আগেও করেছিল।

এইচআরডব্লিউর এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেছেন, প্রতিটি গুমের ঘটনার বিচার হওয়া প্রয়োজন। রাষ্ট্রের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করা। একই রকম মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজাও।