গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সব আয়োজন শেষ করেও আজ রোববার অনুষ্ঠানটি করতে পারেননি আয়োজকেরা। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর জন্য অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বলে দাবি আয়োজকদের।

মানবাধিকার সংগঠন অধিকার, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেনস, দ্য এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার ও দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবার ছিল এর আয়োজক।

সকালে নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দেখা যায়, যে মিলনায়তনে অনুষ্ঠানটি হওয়ার কথা সেখানে পুলিশ সদস্যরা বসে আছেন। জানতে চাইলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, ভোর থেকে তাঁরা সেখানে দায়িত্ব পালন করছেন।

এদিকে আজ অধিকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সেখানকার এক কর্মী ফোন করে মিলনায়তনের বুকিং বাতিল করার কথা জানান। তবে এ বিষয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ কোনো কারণ জানায়নি।

জাতিসংঘ ২০০২ সাল থেকে কাজ শুরু করে ২০০৬ সালের মাঝামাঝি নাগাদ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ তৈরি করে। ইংরেজিতে এর নাম ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’। ২০১০ সালের ডিসেম্বরে এই আন্তর্জাতিক সনদ কার্যকর হয়; তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়। এরপর ২০১১ সাল থেকে বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।