গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
গতকাল শনিবার দুপুরে কারওয়ান বাজার রেলক্রসিংসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানিয়ে বলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, তারা আত্মগোপনে আছে। এখন গ্রেপ্তার এড়াতে তাদের পক্ষ থেকে গুমের অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ গণসংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক, চালক ও শ্রমিক ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আসছে সাংবাদিকদের এ প্রশ্নে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। এ ছাড়া তাদের অন্য কিছু করার সুযোগ নেই।
একটি দৈনিকে বিএনপি নেতাসহ সাতজন নিখোঁজ হওয়ার খবর ছাপা হয়েছে, এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন। অনুষ্ঠানে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক, চালকেরা পণ্য পরিবহনে পুলিশের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ করছেন, তা লিখিতভাবে আবেদন করার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, শুধু ট্রাকে নয়, সব ধরনের চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের ব্যবস্থা করা হবে। এর বাইরেও সন্ত্রাসী ও চাঁদাবাজ কোনো দলের লোক নয়। এরা সমাজ ও জনগণের শত্রু।
অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিউল্লাহ ও জিল্লুর রহমান বলেন, তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় থেকে কারওয়ান বাজার রেলক্রসিং পর্যন্ত ১০০ ফুট সড়কের দুই-তৃতীয়াংশজুড়ে ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়। এতে সড়কটি সংকুচিত হয়ে দিনভর যানজট লেগে থাকে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। অথচ ভেতরে নির্ধারিত টার্মিনাল আছে। সড়ক দিয়ে যেন নিবিঘ্নে চলা যায়, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও চালকদের কাছে সেই অনুরোধ করেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী রাস্তার দুধারে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করেছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার এই ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠে।