বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে কোনো নেতার এভাবে গুম হয়ে যাওয়া মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই অপরাধ কোনোভাবেই যুদ্ধাপরাধের চেয়ে কম নয়।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের দশকের ছাত্রনেতাদের আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১০ জুন পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা কেন এখনো নিশ্চুপ হয়ে আছেন। জাতির এই সংকটময় মুহূর্তে কেন আপনারা এখনো রাজপথে নেমে আসছেন না। আপনারা কি ভাবছেন এই সরকারের কাছে আপনারা নিরাপদ?’বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া উচিত: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মনে করেন, পদ্মা সেতুর অর্থায়নের জন্য বাংলাদেশ সরকারের উচিত বিরোধ মিটিয়ে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া। কেননা, বিশ্বব্যাংক অনেক কম সুদে ও সহজ শর্তে এই ঋণ দেওয়ার কথা বলেছে। তাদের কাছ থেকে ঋণ নেওয়া হলে দেশের জন্য ভালো হবে। জনগণকে মাথাপিছু কম ঋণের বোঝা বহন করতে হবে।গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার এ মন্তব্য করেন। এম কে আনোয়ার বলেন, দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ঋণ স্থগিত করেছে। তাই সরকারের উচিত হবে দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করা ও যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।জিয়ার মৃত্যুবার্ষিকীতে আট দিনের কর্মসূচি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আট দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের আলোচনা সভা। ৩০ মে ভোর ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন। ওই দিন সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পন। ১ জুন জাতীয়তাবাদী ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়াও যুবদল, তাঁতী দল, ওলামা দল ও মহিলা দল ২ থেকে ৫ জুন পর্যন্ত আলোচনা সভার আয়োজন করবে।যৌথ সভা শেষে কার্যালয়ে সদ্যপ্রয়াত বিএনপির নেতা ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।