গুম হওয়া ব্যক্তিদের খোঁজার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
গুমের শিকার ব্যক্তিদের খোঁজার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সব রাষ্ট্রের সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স। গতকাল শুক্রবার সংগঠনটির চেয়ারম্যান অ্যারিয়েল ডুলিজকি চার দিনের অধিবেশন শেষে এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি এসব ঘটনার পরিণাম বোঝা ও মাত্রা নির্ণয় করার ওপরও গুরুত্বারোপ করেন।
অধিবেশনে অ্যারিয়েল বলেন, অনেক দেশের সরকারের কাছে কত মানুষ গুমের শিকার হয়েছে, তার চেয়ে দেশে কত মুঠোফোন আছে সে তথ্যই বেশি আছে।
অ্যারিয়েল বলেন, ‘আমরা আপনাদের রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলছি। হয়তো এ সময়েই কোনো রাষ্ট্রের কেউ না কেউ গুম হয়ে যাচ্ছে। বক্তব্য আর প্রতিজ্ঞার দিন শেষ। এখন ওই স্বজনদের হয়ে কাজ করতে হবে যাঁরা সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণের জন্য লড়াই করছেন।’ অ্যারিয়েল আরও বলেন, ২০১৫ সালে ওয়ার্কিং গ্রুপ প্রতিদিন যেসব গুমের ঘটনা সংগ্রহ করছে, তা খুবই উদ্বেগজনক। ভবিষ্যতে গুমের পাশাপাশি অভিবাসীদের ব্যাপারে গবেষণা করা হবে।
গত ১৪ সেপ্টেম্বর সংগঠনটির ১০৭তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতি গুম বিষয়ে সংগঠনটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অধিবেশনে চীন, পাকিস্তান, কেনিয়া, সিরিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেরও গুম পরিস্থিতি ও বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন দেশের গুম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করে। এসব ঘটনা হ্রাসকরণে বিভিন্ন ধরনের সুপারিশ ও সমাধান উপস্থাপন করে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মরক্কোতে এর ১০৮তম অধিবেশন অনুষ্ঠিত হবে।