গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম হওয়া প্রতিটি ব্যক্তিকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকার ও বিচার বিভাগের কাছে দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) ও এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলানটারি ডিসঅ্যাপিয়ারেন্স (আফাদ)।
গত শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো তাদের প্রিয়জনদের খোঁজে সরকারের নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করেছে। তবে এর বিনিময়ে তারা অবহেলা এবং নতুন করে ভয়ভীতি পাওয়া ছাড়া আর কিছু পায়নি।
বিবৃতিতে মানবাধিকারকর্মীদের উদ্ধৃত করে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ৫৯ জনকে গুম করা হয়েছে।
দেশে গুমের প্রতিটি ঘটনায় বাংলাদেশ সরকারের দায় রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, গুমের ঘটনার বিষয়ে জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহির বাধ্যবাধকতা আছে বাংলাদেশ সরকারের। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধিতে ‘জোরপূর্বক অন্তর্ধান’কে (গুম) মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পক্ষভুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এসব ঘটনায় জবাবদিহি করতে বাধ্য। গুমের ঘটনা বিচারে সরকারি ব্যর্থতা আইসিসিতেও বিচারযোগ্য হতে পারে।