স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, গুপ্তহত্যার সঙ্গে সরকারকে জড়ানো অযৌক্তিক। গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন এই দাবি করেন।এর আগে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সম্প্রতি বেড়ে যাওয়া গুপ্তহত্যা, গুমের সঙ্গে সরকার জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেন। সাহারা খাতুন বলেছেন, গুপ্তহত্যা বা যেকোনো হত্যা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। যদি এ হত্যার সঙ্গে সরকারি দলের কারও সংশ্লিষ্টতা থাকে আর তদন্তে বের হয়, তবে তার বিচার করা হবে।এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, গুম-অপহরণ-হত্যা অপরাধীদের কৌশল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ব্যবহার করে তারা এসব অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে।গতকাল সকালে রাজারবাগ পুলিশ টেলিকম ভবন মিলনায়তনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ দাবি করেন। তিনি জানান, অপহরণ ও গুপ্তহত্যার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। আইজিপি বলেন, ‘এ বিষয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কি না, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। এর আগেও এ রকম ঘটনা ঘটেছে। পুলিশ ও র্যাব অপরাধীদের খুঁজে বের করেছে। এখনো বের করা সম্ভব হবে।’এর আগে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, গুপ্তহত্যা ও অপহরণের বিষয়ে পত্রিকার খবর দেখে এসব তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।গুপ্তহত্যার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশ পেয়েছেন কি না—জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল গতকাল প্রথম আলোকে বলেন, যেকোনো অপহরণ বা অপহরণের পর লাশ উদ্ধার হলে নিয়মমাফিক মামলা হচ্ছে এবং তদন্ত হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাদা কোনো নির্দেশনা তাঁরা পাননি।