গুম-হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুম, হত্যা ও অপহরণের প্রতিবাদে গতকাল জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’-এর মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ছবি: প্রথম আলো
গুম, হত্যা ও অপহরণের প্রতিবাদে গতকাল জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’-এর মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ছবি: প্রথম আলো

গুম, খুন ও অপহরণের প্রতিবাদে করা মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ মানববন্ধন করতে গেলে বক্তৃতার জন্য আনা মাইক, ব্যানার ও লিফলেট কেড়ে নেন পুলিশের সদস্যরা। মাইকের নিয়ন্ত্রক ও মাইক বহনকারী রিকশাচালককেও আটক করে পুলিশ। 
তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মানববন্ধন ও সমাবেশ করেছে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তারা দেশব্যাপী যে গুম, খুন ও অপহরণ শুরু হয়েছে, তার সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি চেয়েছে। মানববন্ধন চলার সময় বিপুলসংখ্যক পুলিশ অন্তত ২০টি গাড়ি ও দুটি সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয়। সাঁজোয়া যান দুটি মানববন্ধন চলাকালে হর্ন বাজিয়ে সংসদ ভবনের সামনে টহল দেয়। 
সমাবেশে টিআইবির চেয়ারপারসন এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘সারা দেশে গুম, অপহরণ ও হত্যা নিয়ে আমরা উদ্বিগ্ন, শঙ্কিত। আমাদের এই শঙ্কা জানাতেই এই সমাবেশের আয়োজন করেছিলাম। এতেও যে পুলিশ বাধা দিয়েছে, তার প্রতি আমরা ধিক্কার জানাই। আমাদের শেষ মৌলিক অধিকারটুকু সংকুচিত হতে চলেছে। এটা হতে পারে না। আমরা আশা করি, সরকার তা বুঝতে পারবে। গুম-অপহরণের সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করবে।’
মানববন্ধনে আইনজীবী শাহদীন মালিক হর্ন বাজিয়ে টহল দেওয়া পুলিশের সাঁজোয়া যানের দিকে লক্ষ করে বলেন, ‘যারা অপহরণ, হত্যা ও গুম করছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকায় উৎসাহ পাবে। তারা যখন দেখবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদের সময় পুলিশ এমন আচরণ করছে, তখন তারা আরও বেশি অপরাধ করবে।’ 
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গুম, অপহরণ ও হত্যাকারীদের বিচার সরকারও চায়। তাহলে এই বিচার চাওয়া কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে কেন?
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘হেফাজতে ইসলামের লাখ লাখ সদস্য সশস্ত্র অবস্থায় সমাবেশ করতে পারে। আর আমরা অন্যায়ের প্রতিবাদ জানাতে এলে তাতে বাধা দেওয়া হচ্ছে।’
আইনজীবী জেড আই খান পান্না পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘এমন নিরাপত্তাহীন পরিবেশ ও খুন-গুমের দেশ হবে, তা ভেবে একাত্তর সালে স্বাধীনতাযুদ্ধ করিনি।...আজকে পুলিশের ক্ষমতাও র‌্যাব কেড়ে নিয়েছে। ফলে পুলিশের উচিত তাদের ক্ষমতা ফিরে পেতে সোচ্চার হওয়া।’ 

মানববন্ধন শুরুর আগে ব্যানার কেড়ে নেয় পুলিশ । ছবি: প্রথম আলো
মানববন্ধন শুরুর আগে ব্যানার কেড়ে নেয় পুলিশ । ছবি: প্রথম আলো

বিকেল সাড়ে চারটায় উদ্বিগ্ন নাগরিক সমাজের পক্ষ থেকে একটি রিকশায় মাইক ও ব্যানার নিয়ে আসা হয়। পৌনে পাঁচটার দিকে মাইকটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় দাঁড়ালে পুলিশ সদস্যরা মাইক ও ব্যানার কেড়ে নেন। রিকশাচালক ও মাইক পরিচালনাকারীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। 
পাঁচটার দিকে সংসদ ভবনের সামনের রাস্তায় আইনজীবী শাহদীন মালিক এসে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার আনিসুর রশিদ ও আফরুজুল হক এসে হাজির হন। জাতীয় সংসদের স্পিকার ও ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে অনুমতি ছাড়া এখানে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে তাঁরা শাহদীন মালিককে জানান। 
শাহদীন মালিকের পাশে দাঁড়ানো উদ্বিগ্ন নাগরিক সমাজের একজন ডিএমপি কার্যালয়ে দেওয়া আবেদনপত্রের সত্যায়িত কপি এনে ওই দুই পুলিশ কর্মকর্তাকে দেখান। এ সময় পুলিশের একজন কর্মকর্তা বলেন, স্পিকারের অনুমতিপত্র লাগবে। এ সময় অধ্যাপক আসিফ নজরুল এসে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কোন আইনে আছে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য পুলিশের অনুমতিপত্র লাগে?’
পুলিশের কর্মকর্তা ও উদ্বিগ্ন নাগরিক সমাজের সদস্যদের মধ্যে এ নিয়ে বেশ কিছুক্ষণ তর্কবিতর্ক নয়। এ সময় ঘটনাস্থলে সুলতানা কামাল ও দেবপ্রিয় ভট্টাচার্য এসে পৌঁছান। দেবপ্রিয় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নাগরিকদের কাজের সীমানা কোথায়, কতটুকু—তা আপনাদের কাছ থেকে একটু শিখে নিই।’ 
সুলতানা কামালের কাছে পুলিশের কর্মকর্তারা অনুমতি নিয়ে মানববন্ধন করার কথা পুনর্ব্যক্ত করলে সেখানে দাঁড়ানো উদ্বিগ্ন নাগরিক সমাজের সদস্যরা মানববন্ধনে দাঁড়িয়ে যান। মানববন্ধনে বিভিন্ন সময়ে গুম ও অপহরণের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা, গণসংহতি আন্দোলন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। 
মানববন্ধন শেষে শাহদীন মালিক ও সুলতানা কামাল পুলিশ সদস্যদের উদ্দেশে মাইক পরিচালনাকারী ও রিকশাচালককে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন। 
মানববন্ধনে আরও অংশ নেন মানবাধিকার নেত্রী হামিদা হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল, সি আর আবরার, শিরীন হক, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, আইনজীবী সারা হোসেন, ব্র্যাকের জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি বিভাগের পরিচালক শিফা হাফিজা ও হিউম্যান রাইট অ্যান্ড লিগ্যাল এইড বিভাগের পরিচালক ফস্টিনা প্যারেরা, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ । 
মানববন্ধন শেষে শাহদীন মালিক কাল সোমবার বিকেল পাঁচটায় একই স্থানে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আরেকটি মানববন্ধন করার ঘোষণা দেন। পুলিশ অনুমতি দিক বা না দিক ওই দিনের মানববন্ধন হবেই বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা।