গুম, হত্যায় ১২ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে গুম, অপহরণ ও হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১২ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেন, ‘অতি সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর পাঁচ সহযোগী এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর চালককে প্রকাশ্য দিবালোকে অপহরণ ও পরে নির্মমভাবে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আমরা স্তম্ভিত ও ক্ষুব্ধ বোধ করছি।’
গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক অজয় রায়, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ডা. সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, আতিউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফ।
বিবৃতিতে বলা হয়, বিগত বছরগুলোতে বিভিন্ন অপহরণের ঘটনা তদন্ত, অপহূত ব্যক্তিদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে সরকারের আইনশৃঙ্খলা প্রয়োগকারী কর্তৃপক্ষের সীমাহীন ব্যর্থতা বর্তমান সংকটজনক পরিস্থিতির জন্ম দিয়েছে। এ অবস্থায় লুটেরা দুর্বৃত্ত অপরাধী চক্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ লাভ করছে। দীর্ঘ বিচারহীনতার অবসান ঘটিয়ে একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জাতি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছে এবং ধর্মের লেবাস গায়ে জড়িয়ে ইতিহাসের বর্বরতম গণহত্যা যারা ঘটিয়েছিল, তাদের বিচারের চূড়ান্ত রায় ঘোষণার প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনি গুরুতর অবনতি কোনোভাবে কাম্য হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাংলাদেশের অভিযাত্রা বিপথগামী করার জন্য প্রকাশ্য-অপ্রকাশ্য যেসব ষড়যন্ত্র ও উসকানি প্রদান চলছে, তা কঠোর হাতে দমন করে বাংলাদেশের অগ্রগতির স্বার্থে আইনের শাসন প্রয়োগে সরকারকে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। অপরাধী চক্র যেন কোনোভাবে রাজনীতি ও প্রশাসনকে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা বিশেষ গুরুত্ববহ। সরকার ও বিরোধী দলের পারস্পরিক দোষারোপের দুষ্ট চক্র থেকে বের হয়ে অপরাধ দমন ও অপরাধী চক্রকে গ্রেপ্তার ও শাস্তিদানে জাতির ঐকমত্যের অবস্থান দৃঢ় করা এ মুহূর্তের জরুরি কর্তব্য। অপহরণ ও গুমের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দোষীদের গ্রেপ্তার ও দেশদ্রোহী অপরাধী চক্রের স্বরূপ উন্মোচনে সরকারের দৃঢ় ও যথোচিত পদক্ষেপ গ্রহণ আজ সর্বোচ্চ গুরুত্ব বহন করে। বিজ্ঞপ্তি।