গুমাই বিলে ধানের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের মিঠে-কড়া রোদে ভাসছে জনপদ। বইছে হেমন্তের হালকা হিমেল হাওয়া। সেই হাওয়ায় দুলছে সোনালি ফসল। বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে দল বেঁধে ধান কাটছেন কৃষকেরা। পরিশ্রমের ফসল তুলতে হবে ঘরে। জিরানোর সময় নেই। তবু তৃপ্তির হাসি তাঁদের চোখে-মুখে।
এ দৃশ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলের। উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার একাংশজুড়ে বিশাল এ মাঠের অবস্থান। এসব এলাকার কৃষক পরিবারের পুরুষ সদস্যরা ভোরেই চলে আসেন বিলে। তাঁদের সঙ্গে আছে মজুরের দল। এখন পুরোদমে চলছে ধান কাটা। যেন একটা উৎসব।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবার প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন মেট্রিক টন। এ বিলে চাষ করেন প্রায় সাত হাজার কৃষক।
ভোর থেকেই ধান কাটায় ব্যস্ত কৃষক উত্তর দাশ। কাজের ছন্দপতন ঘটলেও হাসিমুখে বলেন, ‘দুই কানি (৪০ শতাংশ) জমিতে এবার প্রত্যাশিত ফলন হয়েছে। আশা করি প্রতি কানিতে ২৫-৩০ মণ ধান পাওয়া যাবে।’
দুই কানি জমি বর্গা নিয়ে চাষ করছেন হায়দার আলী। সার, বীজ, মজুর খরচসহ তাঁর খরচ হয়েছে প্রায় ১৮ হাজার টাকা। ফসলের ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিতে হবে জমির মালিককে। তবু তিনি খুশি। বলেন, ‘ভালো ফলন হওয়ায় এবার খুব একটা ক্ষতি হবে না। খোরাকির জন্য প্রয়োজনীয় ধান রেখে বাকি ধান বিক্রি করে দেব।’
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, প্রতি হেক্টরে এবার ধান হয়েছে গড়ে পাঁচ টন করে। উন্নত জাতের ধানের বীজ ব্যবহার করায় এবার ফসল লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
ভোর থেকে সকাল পর্যন্ত চলে ধান কাটার উৎসব। সকালের খাবার খাওয়ার সময় কাঁধে করে বাড়ির উঠানে বয়ে আনেন সেই ফসল। সেখানে চলে ধান মাড়াইয়ের কাজ। সোনার ধানে ভরে ওঠে কৃষকের গোলা।
ধান কাটার এ মৌসুমে নেত্রকোনা, নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর, সাতকানিয়া, বাঁশখালীসহ দেশের বিভিন্ন স্থানের কৃষিশ্রমিকেরা এখানে এসে জড়ো হন। দৈনিক দুই বেলা খাবার এবং তিন শ থেকে সাড়ে তিন শ টাকা মজুরিতে গুমাই বিলে ধান কাটেন তাঁরা।
কুমিল্লা থেকে এসেছেন আলী আমজাদ। তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে এখানে আসি। এবার প্রচুর ফলন হয়েছে।’
ময়মনসিংহ থেকে ১১ জনের দল নিয়ে এসেছেন আজিজুল হাকিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবারই কাজের আশায় এখানে চলে আসি। ধান কাটার মৌসুম শেষ করে একেবারে বাড়িতে ফিরব।’
চট্টগ্রামে কথিত আছে, গুমাই বিলে সারা দেশের মানুষের আড়াই দিনের খাবার (চাল) মজুত আছে।