গুমাই বিলে 'উৎসব' আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ অক্টোবর ২০১৫ :আগস্ট ও সে​েপ্টম্বরে বন্যায় প্রায় এক মাস ডুবে ছিল গুমাই বিল। এতে নষ্ট হয়ে যায় আমনের চারা l সৌরভ দাস
২৯ অক্টোবর ২০১৫ :আগস্ট ও সে​েপ্টম্বরে বন্যায় প্রায় এক মাস ডুবে ছিল গুমাই বিল। এতে নষ্ট হয়ে যায় আমনের চারা l সৌরভ দাস
২৯ নভেম্বর ২০১৪:গুমাই বিল থেকে ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা
২৯ নভেম্বর ২০১৪:গুমাই বিল থেকে ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা

সারা দেশে আমন ধান কাটার উৎসব চললেও চট্টগ্রামের শস্যভান্ডার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাই বিলের চিত্র একেবারেই উল্টো। ধান কাটার ব্যস্ততা নেই কৃষকের। খাঁ খাঁ করছে ফসলের জমি। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুই দফা বন্যায় প্রায় এক মাস এই বিল ডুবে থাকায় নষ্ট হয়ে যায় আমনের চারা। এই বিলের প্রায় আড়াই হাজার কৃষকের ঘরের গোলা এখন শূন্য।

গুমাই বিলের কদমতলী, পূর্ব ও মধ্য মরিয়মনগর এবং চন্দ্রঘোনা এলাকা ঘুরে দেখা যায়, ধান নেই। কিছু স্থানে জমি ফেটে চৌচির। তবে চন্দ্রঘোনা-সংলগ্ন গুমাই বিলের কিছু এলাকায় ধান পেকেছে।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা জানান, আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়। দ্বিতীয় সপ্তাহে তা আরও তীব্র হয়। পানিতে ডুবে যায় জমি। পানি ছিল পুরো আগস্ট মাস। তখন রোপা আমন নষ্ট হয়ে যায়। এরপর কৃষি কার্যালয় থেকে ভর্তুকি হিসেবে আমনের চারা দেওয়া হয়। কিন্তু সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবার শুরু হওয়া বৃষ্টিতে ভেসে যায় কৃষকের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।

গত ২৬ ও ২৯ অক্টোবর সরেজমিনে গুমাই বিলে গেলে কৃষকেরা তাঁদের দুর্দশার কথা জানান। কথা হয় কৃষক আবদুস সোবহানের (৪৭) সঙ্গে। তাঁর বাড়ি রাঙ্গুনিয়ার কদমতলী গ্রামে। চাষ কেমন হলো—জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘বন্যার পানিতে সব শেষ।’ স্ত্রী, ছেলেমেয়ে মিলে সাতজনের সংসারে একমাত্র উপার্জনক্ষম তিনি। তিন বেলা খাবার জোটাতে এখন করছেন দিনমজুরি। তাও সব সময় কাজ জুটছে না।

আবদুস সোবহান বলেন, ‘আট কানি জমিতে (প্রতি কানি ৪০ শতক) আমনের চাষ করেছি। প্রতি কানিতে খরচ পড়েছে ছয় হাজার টাকা। প্রথম দফা বন্যায় সব ভেসে গেছে। এরপর কৃষি অফিস থেকে কিছু চারা দেওয়া হয়। তা আধা কানিতে রোপণ করি। দ্বিতীয় দফা বন্যায় সেগুলোও নষ্ট হয়ে গেছে।’

সোবহানের মতো অবস্থা একই গ্রামের আরেক কৃষক মোহাম্মদ আবু তালেবের (৪৪)। স্ত্রী, ছেলেমেয়েসহ ছয়জনের সংসার চালাতে তিনি নিজেই এখন ‘চালক’। চালাচ্ছেন অটোরিকশা। তালেব তিন কানি জমিতে আমন রোপণ করেন। তিনি বলেন, ‘১৫ হাজার টাকা ঋণ নিয়ে চাষে খরচ করেছি। এখন আর কিস্তি চালাতে পারছি না। ঠিকমতো খাওয়ার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।’

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার গুমাই বিলের মধ্য ও পূর্ব মরিয়মনগর, কদমতলী, মধ্য ও পূর্ব চন্দ্রঘোনা, শান্তিনিকেতন ও ব্রহ্মোত্তর (আংশিক) এলাকায় আমনের চাষ হয় ১ হাজার ৬৬৭ হেক্টরে। এর মধ্যে ১ হাজার ২৯৭ হেক্টরের চাষ নষ্ট হয়ে গেছে। প্রতিবছর হেক্টরপ্রতি আমন উৎপাদন হয় সাড়ে তিন থেকে সাড়ে চার মেট্রিক টন। সেই হিসাবে মোট ধান উৎপাদন হয় গড়ে প্রায় সাত হাজার মেট্রিক টন। এবার তা নেমে আসবে ১ হাজার ৬০০ মেট্রিক টনে।

জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজ হাসান বলেন, এবারের বন্যায় রাঙ্গুনিয়ার অন্য এলাকার তুলনায় গুমাই বিলে আমন চাষে বেশি ক্ষতি হয়েছে। অথচ এখন কৃষকদের ধান কাটার উৎসব। কিন্তু এই সময়ে কৃষকেরা কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, কৃষকদের কষ্ট দূর করতে কৃষি বিভাগ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ১৯০ জন কৃষককে ভর্তুকি দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৪০ জনকে সরিষা ও ৯৫০ জনকে ভুট্টা চাষের উপকরণ দেওয়া হয়েছে। বোরো মৌসুমের আগে তাঁরা সরিষা চাষ করতে পারবেন। তবে যাঁরা ভুট্টা চাষ করবেন তাঁরা বোরো চাষ করতে পারবেন না, ভুট্টার পর সবজি চাষ করতে করবেন।