গুমের আশঙ্কায় সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম ও হত্যার আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ বি এম খোরশেদ আলম৷ এদিকে, প্রশাসন অবৈধ হস্তক্ষেপ করলে নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন বিএনপির েনতা-কর্মীরা৷
গতকাল শনিবার কুমিল্লা শহরে আয়োজিত পৃথক দুই সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়৷ কাল সোমবার কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷
গতকাল বিকেলে শহরের লাকসাম সড়কের একটি হাসপাতালে সংবাদ সম্মেলন করেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রভাবশালী মহলের হস্তক্ষেপে আমার নির্বাচনী প্রচারণা বারবার বাধাগ্রস্ত হচ্ছে৷ নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন আমার পক্ষে থাকলেও অজানা আতঙ্কে আমি নিরাপত্তাহীন৷ বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের চেয়ে আমার নিরাপত্তাই মুখ্য বিষয়৷ স্থানীয় প্রশাসন ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ ব্যাপারে আবেদন করেছি৷ যতটুকু বুঝতে পেরেছি, প্রশাসনও প্রভাবশালী মহলের কাছে জিম্মি৷ উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি আমি৷’
এর আগে দুপুর ১২টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরের বাদুড়তলা এলাকায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সংবাদ সম্মেলনে আদর্শ সদর উপজেলার বিএনপির-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকায় পুলিশি হয়রানিতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে৷ স্থানীয় সাংসদও নির্বাচনে প্রভাব বিস্তার করছেন৷ এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে৷