সাবিরা ইসলাম ও তাঁর স্বামী নাজমুল ইসলাম গত ডিসেম্বরের এক রাতে ঘুরতে বেরিয়েছিলেন ঢাকার রাস্তায়। রাস্তা থেকেই অপহরণ করা হয় নাজমুলকে। পরদিন সকালে রাজধানীর উপকণ্ঠে তাঁর লাশ পাওয়া যায়। শ্বাসরোধে হত্যা করা হয় তাঁকে।নাজমুল ইসলাম প্রধান বিরোধী দল বিএনপির স্থানীয় নেতা ছিলেন। তাঁর স্ত্রীর ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর চার মাস পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো কিনারা হয়নি। এতে দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন সাবিরা। তিনি বলেন, ‘আমার স্বামী অপহূত হওয়ার পর ওই রাতেই আমি পুলিশের কাছে গিয়েছিলাম। তাঁকে উদ্ধারের জন্য পুলিশের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু কেউ আমাদের সহযোগিতা করেনি।’নাজমুল ইসলামকে অপহরণ ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য, বাংলাদেশে গুম ও গুপ্তহত্যা বেড়ে গেছে। এটিও সে রকম একটি ঘটনা।বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ইলিয়াস আলীও কয়েক দিন ধরে নিখোঁজ। তাঁর দলের অভিযোগ, তাঁকেও গুম করা হয়েছে। এর প্রতিবাদে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।বামপন্থী সাবেক ছাত্রনেতা শামীম আখতারও নিখোঁজ হন গত বছর। তাঁর স্ত্রী মানবাধিকারকর্মী ঝর্ণা খানম বলেন, ‘আমার স্বামীকে আমাদের বাসার কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রতক্ষ্যদর্শীদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বেঁধে একটি গাড়িতে তুলে নিয়ে যান। আজ পর্যন্ত আমি স্বামীর কোনো খোঁজ পেলাম না।’ ঝর্ণা খানমেরও ধারণা, তাঁর নিখোঁজ হওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।এভাবে যাঁরা নিখোঁজ বা গুম হচ্ছেন, তাঁদের পরিবারের অভিযোগ, এসব ঘটনার সঙ্গে নিরাপত্তা বাহিনীর লোকজনই জড়িত। এ ধরনের নিখোঁজ বা গুমের ঘটনা বর্তমানে আরও বেড়ে গেছে। এতে সমাজে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যমতে, ২০০৯ সালে এ ধরনের নিখোঁজ বা গুমের ঘটনা ঘটেছিল মাত্র দুটি। পরের বছর তা ১৮টিতে পৌঁছায়। ২০১১ সালে দাঁড়ায় ৩০টিতে। চলতি বছরের প্রথম কয় মাসে এর মধ্যে নয়জন নিখোঁজ হয়েছেন।মানবাধিকার সংস্থাগুলো বলছে, গুমের ঘটনা এখন নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে দায়মুক্তির সংস্কৃতি তৈরি করেছে। এর মানে এই যে কেউ কর্তৃপক্ষের কাছে খারাপ বলে বিবেচিত হলেই তাঁর ক্ষতি হবে।বিচারবহির্ভূত হত্যা বা গুমের অনেক ঘটনার জন্য দায়ী করা হয় অভিজাত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার ৬০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নথিবদ্ধ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সংস্থাগুলোর মতে, নিখোঁজ হয়ে যাওয়া, তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু এবং নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা আছে এর মধ্যে। অনেক ক্ষেত্রে কাউকে গুলি করে হত্যার পর বন্দুকযুদ্ধের গল্প ফাঁদা হচ্ছে।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) চলতি বছরের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশে ও দেশের বাইরে সমালোচনার কারণে র্যাবের হাতে হত্যাকাণ্ডের ঘটনা কমেছে, উল্টো দিকে বেড়ে গেছে গুমের ঘটনা। এর থেকে এই উদ্বেগ দেখা দিয়েছে যে নিরাপত্তা বাহিনী তাদের অপকর্মের কৌশল পরিবর্তন করেছে।’কিন্তু সরকার বলেছে, এইচআরডব্লিউর প্রতিবেদন ঠিক নয়। আর এ ধরনের অভিযোগ জোর দিয়ে অস্বীকার করে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।র্যাবের মুখপাত্র কমান্ডার মোহাম্মদ সোহায়েল বলেন, ‘এসব ভিত্তিহীন অভিযোগ। নিরাপত্তা বাহিনী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বরং গত তিন বছরে আমরা অনেক অপহরণের ঘটনার সমাধান করেছি।’পাল্টা অভিযোগ করে র্যাবের মুখপাত্র বলেন, ‘আপনারা দেখবেন, যাঁরা অপহূত বা নিখোঁজ হচ্ছেন, তাঁদের অনেক শত্রু আছে এবং তাঁরা নিজেরাও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’