গুমের নিরপেক্ষ তদন্তের আহ্বান এইচআরডব্লিউর
বাংলাদেশে সম্প্রতি বিরোধী দলের নেতা-কর্মী নিখোঁজ হওয়ার ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে এই আহ্বান জানায়।১৭ এপ্রিল বিএনপির নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হন। এ ছাড়া চলতি মাসের শুরুর দিকে ট্রেড ইউনিয়নের একজন নেতা নিখোঁজ হওয়ার পর তাঁর লাশ উদ্ধার করা হয়।এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনাগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। কিন্তু সরকার এটা নিশ্চিত করতে আন্তরিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিখোঁজ হওয়ার ঘটনা বন্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার তিনি বলেছেন, তাঁর বিশ্বাস, রাজনৈতিক ইস্যু সৃষ্টির জন্য দলের নির্দেশে ইলিয়াস আলী ‘লুকিয়ে’ আছেন।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে ওঠা হত্যা ও অপহরণের ঘটনাগুলো দীর্ঘদিন ধরে নথিবদ্ধ করছে এইচআরডব্লিউ। সংগঠনের চলতি বছর প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে র্যাবের হত্যাকাণ্ড কমে গেছে। তবে নিখোঁজ হওয়ার ঘটনা বাড়ছে। নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকেও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। এর অর্থ হলো, নিরাপত্তা বাহিনী নতুন পন্থায় ক্ষমতার অপব্যবহার করছে। তবে কর্তৃপক্ষ এমন কাউকে আটক করার বিষয়টি নিশ্চিত করছে না এবং তাদের হেফাজতে নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির ভাগ্যে কী ঘটছে, তা-ও নিশ্চিত করে কিছু বলছে না। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত জানুয়ারিতে নাকচ করে দেন।এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্রাড বলেন, ‘শেখ হাসিনার সরকার বারবার নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার বন্ধ, এসব ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। প্রকাশ্যে এমন অঙ্গীকার করার পরও সরকার এসব অপব্যবহারের বিষয়গুলো নাকচ করে দিচ্ছে। আর এ কারণেই এসব ঘটনার জরুরি ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’বিবৃতিতে হরতালে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভের সময় গুলিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ ও কার্যকর তদন্ত চেয়েছে সংস্থাটি।