মানবাধিকারবিষয়ক এক কর্মশালায় বক্তারা বলেছেন, হত্যা ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হয় না। এ পরিস্থিতিতে একমাত্র ব্যাপক সচেতনতাই পারে ভয়াবহ এই মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ রুখতে।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ গুমের বিরুদ্ধে মানবাধিকার রক্ষাকর্মীদের জন্য গতকাল শনিবার দুই দিনব্যপী এ কর্মশালার আয়োজন করে। এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের সহায়তায় রাজধানীর কারিতাস মিলনায়তনে আয়োজিত এ কর্মশালাটি শেষ হবে আজ রোববার।
কর্মশালা শুরুর আগে র্যা মন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া লাওসের মানবাধিকারকর্মী সোমবাথ সোম্পফনের সন্ধানে এবং দেশে যাঁরা গুমের শিকার হয়েছেন তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান বলেন, যুদ্ধের সময় যাঁরা গুম হয়েছিলেন তাঁদের খোঁজ যেমন বিজয়ের আগে পাওয়া যায়নি, তেমনি এখন যাঁরা গুম হচ্ছেন তাঁদের সন্ধান পেতে হলে আরেকটি বিজয় প্রয়োজন। সেটি হবে গণতন্ত্র ও মানবাধিকারের বিজয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যে সরকার গুমের কথা স্বীকার করে না, তার কাছে গুমের বিচার চেয়ে লাভ নেই। নিজেদেরই গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আদিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডা. ফয়জুল হাকিম, অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন, গুমের শিকার আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরী এবং সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম। কর্মশালায় ২০ জন মানবাধিকার রক্ষাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্য অংশ নেন। বিজ্ঞপ্তি।