গুমের 'সঠিক তালিকা' করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ১৮৭ জন নেতা-কর্মী গুম হওয়ার দাবি করে দুই দিনেও তাঁদের পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি বিএনপি। গতকাল বৃহস্পতিবার এ তালিকা প্রকাশের কথা ছিল। সর্বশেষ তারা বলেছে, এই নেতা-কর্মীর নাম, ঠিকানা, দলীয় পরিচয় যাচাই-বাছাই করে কয়েক দিনের মধ্যে ‘সঠিক তালিকা’ প্রকাশ করা হবে।
গত বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁদের দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮৭ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। তাঁদের প্রত্যেকের নাম-পরিচয় বিএনপির কাছে আছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনের পর থেকেই তাঁরা ‘সঠিক তালিকা’ তৈরির কাজ শুরু করেছে। কিন্তু ঢাকার ভেতরের কিছু তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত তা ২৮ জনের মতো হবে। সারা দেশ থেকে তালিকা সংগ্রহ করার কাজ চলছে। জেলা-উপজেলা থেকে এ-সংক্রান্ত তথ্য আরও যাচাই-বাছাই করে পাঠাতে বলা হয়েছে। তবে প্রকাশ করার মতো ‘সঠিক’ তথ্য এখনো দপ্তরে না থাকায় তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।
পূর্ণাঙ্গ তালিকা না হলেও গতকাল দলটির বিভিন্ন উৎস থেকে ২৮ জন নেতা-কর্মীর গুম বা নিখোঁজ হওয়া কথা জানা গেছে। এদের মধ্যে নয়জনের পরিবারের সদস্যরা তাঁদের স্বজনের নিখোঁজ হওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তবে বেশির ভাগ পরিবার গণমাধ্যমে প্রকাশের জন্য তাদের বক্তব্য দিতে অপারগতা জানিয়েছে। একাধিকজন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বজনদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছেন। নিখোঁজ একজনের স্বজন বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলে আর ঝামেলা বাড়াতে চান না তিনি।
গত বুধবার জানতে চাইলে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা ওই রাতে ২০ জনের যে তালিকা দিয়েছিলেন, সেটি প্রাথমিক তালিকা। পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবারের মধ্যে দেওয়া হবে। গতকাল আরেক সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, এ তালিকা তাঁরা কয়েক দিনের মধ্যে প্রকাশ করবেন। সরকারের দায়িত্ব সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, খুন ও গুম নিয়ে বিরোধী দল ঢালাও কথা বলছে। তাদের সুনির্দিষ্ট করে বলতে হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অগ্নিসংযোগ ও বাস পোড়ানোর ঘটনায় কেউ যদি বাড়িঘর থেকে পালিয়ে থাকে, তাহলে তো সরকারের করার কিছু নেই। তিনি বলেন, ‘এর পরও যদি এ রকম ঘটনা ঘটে থাকে, তাহলে তারা তালিকা দিক, আমরা যাচাই করে দেখব।’
সংখ্যালঘু নির্যাতন, গুম ও হত্যার ঘটনা তদন্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারটি কমিটি গঠন করেছেন। এ কমিটিগুলোর রিপোর্ট পাওয়ার পর আরও ‘সঠিক’ তালিকা পাওয়া যাবে বলে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা দাবি করেছেন।
নিখোঁজ বা গুম ২৮ জন: বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগারবিষয়ক সম্পাদক মফিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান ৩ ডিসেম্বর পল্লবী থেকে নিখোঁজ হন।
সবুজবাগ থানা ছাত্রদলের মাহবুব হাসান ও সবুজবাগ ২৮ নম্বর ওয়ার্ডের ছাত্রদল সভাপতি ফরহাদ হোসেনকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্মানী ইউনিয়নের নোয়াকান্দি গ্রাম থেকে সাদাপোশাকধারী পুলিশ আটক করে নিয়ে যায়।
মাহবুব হোসেনের ভাই জাহিদ হোসেন প্রথম আলোকে বলেছেন, নারায়ণগঞ্জে তাঁদের এক আত্মীয়ের বাড়ি থেকে মাহবুব ও ফরহাদকে আটক করা হয়। এটা ৭ ডিসেম্বরের ঘটনা। পুলিশ বলেছে, আদালতে সোপর্দ করা হবে। কিন্তু পাঁচ দিন পরও তা না করায় তাঁরা থানায় জিডি করেছেন। জাহিদ বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে খারাপ কোনো মামলা ছিল না। হরতাল-অবরোধ নিয়ে যেমন মামলা হয়, ওই ধরনের ‘রাজনৈতিক’ মামলা ছিল।
ফরহাদ নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী ও চার বছর বয়সী সন্তান ঢাকা ছেড়ে হবিগঞ্জে চলে গেছে।
রাজধানীর নতুন বাজার এলাকা থেকে নিখোঁজ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী আসাদুজ্জামান, মাজহারুল ইসলাম ও মো. আল আমিন। এ তিনজনকে ওই এলাকা থেকে রাত নয়টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যায় বলে দাবি করা হচ্ছে।
আসাদুজ্জামানের এক বোন প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে তাঁর ভাই নিখোঁজ। এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই, বরং ঝামেলা বাড়ে।
আল আমিনের বাড়ি উত্তর বাড্ডার বেরাইদ গ্রামে। তিনি মহাখালীতে একটি আইন কলেজের ছাত্র। ইতিমধ্যে স্নাতকোত্তর শেষ হয়েছে তাঁর। তাঁর চাচাতো ভাই ইয়াকুব বলেছেন, তাঁরা বাড্ডা থানায় নিখোঁজের একটি জিডি করেছেন।
মাজহারুল ইসলামের বাড়ি শেরপুর। তিনি ঢাকার নাখালপাড়ায় থাকতেন। তাঁরা বাবা আমিনুল হক বলেছেন, তাঁর ছেলে সেভাবে রাজনীতি করতেন না। হয়তো ছাত্রদল সমর্থন করতেন। কোনো পদে ছিলেন না।
এ ছাড়া বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম ও তাঁর খালাতো ভাই তানভীর ৪ ডিসেম্বর বসুন্ধরা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে বিএনপির প্রাথমিক তথ্যে বলা হয়েছে। একই সূত্রমতে, হাজারীবাগ থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হালিমকে হাজারীবাগ থেকে, সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজাকে পল্লবী থেকে, সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, ছাত্রদল নেতা খালিদ হোসেনকে কেন্দ্রীয় কারাগারের গেট থেকে, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দক্ষিণখান থেকে নিখোঁজ হয়েছেন।
হাইকোর্ট এলাকা থেকে ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল ও ছাত্রদলের রানার নিখোঁজ হওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া শাহবাগ থেকে বংশাল ছাত্রদলের তিন নেতা পারভেজ, জসিম উদ্দীন ও মো. সোহেল নামে তিনজন নিখোঁজ হয়েছেন। ছাত্রদলের ৭৮ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান ও বিপ্লব, ৮০ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের শেখ মিঠু, কোতোয়ালি থানার রায়হান সেন্টু, বংশালের চঞ্চল, কালু ও জাফরান হোসেন নিখোঁজ রয়েছেন বলে দলের প্রাথমিক তথ্যে দাবি করা হয়। তবে এদের পুরো ঠিকানা দল থেকে দেওয়া হয়নি।