বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকার মঞ্চে আরেকটি নতুন নাটক এনেছে। নাটকটির নাম হাফ আখড়াই। ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নাটকটি তৈরি হলেও নাটকটি ঐতিহাসিক নয়। নাটকের কাহিনি নাট্যকারের কল্পনার রঙে বিস্তৃত হয়েছে। আর এ কারণে গতকাল সোমবার সন্ধ্যায় দর্শক আগ্রহ নিয়ে নতুন এ নাটকটি উপভোগ করেছে।বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত ১৮০৪ সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন আখড়াই। তিনি নিজস্ব পদ্ধতিতে সংগীতশিক্ষার প্রচলন করেন। একসময় বার্ধক্যজনিত কারণে তিনি প্রতিষ্ঠানের দায়িত্ব দেন তাঁরই শিষ্য মোহনচাঁদ বসুকে। দৃঢ়চেতা মোহনচাঁদ বসু অধ্যক্ষ পদলাভের পর তাঁর নিজস্ব মত ও রীতি প্রচলন করেন। মোহনচাঁদ বিশ্বাস করতেন, মানুষের জন্য সংগীত। তিনি বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য, নাথগীতিকাসহ প্রভৃতি নাট্যগুণসমৃদ্ধ বাংলা কাব্যকে উপস্থাপন করেন নিজস্ব রীতিতে। রামনিধি গুপ্ত পরিবেশনরীতির এই পরিবর্তনকে গ্রহণ করতে পারেননি বলে দলে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে মোহনচাঁদ বসু আখড়াই পরিত্যাগ করে গঠন করেন হাফ আখড়াই। শাস্ত্রীয় সংগীতের পরিবর্তে দরিদ্র ও শোষিত মানুষের গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠে হাফ আখড়াই। একদিন এই দলের আস্তানায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুনে মারা যায় হাফ আখড়াই দলের সদস্যরা।ইতিহাসের এ ঘটনায় গুরু-শিষ্যের দ্বন্দ্বকে অবলম্বন করে গড়ে উঠেছে হাফ আখড়াই নাটক। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন হয়। এখানে আছে ইতিহাসের চরিত্র রামনিধি গুপ্ত, তাঁর প্রেমিকা বারাঙ্গনা শ্রীমতী, শিষ্য মোহনচাঁদ বসু, সংগ্রামী গঙ্গা নারায়ণ আর আছে অনৈতিহাসিক চরিত্র শ্যামদাস, হরিশ চন্দ্র, সত্য, বলরাম, চন্দ্রলেখা প্রমুখ। রতন সিদ্দিকী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।নাটকটিতে অভিনয় করেছেন আমিনুল ইসলাম, মারুফ রহমান, শহীদুল আলম, জিয়াউর রহমান, অমিত রঞ্জন দে, নাজমুল হক, আলমগীর হোসেন, রতন দেব, আনোয়ারুল হক, ফাহমিদা হক, হামিদুল ইসলাম, রিফাত, আইনুল ইসলাম, শামীমা আক্তার, শারমিন আক্তার প্রমুখ।শিল্পকলায় সেমিনার পথনাটক প্রদর্শনীপথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে সেমিনার, পথনাটক প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়েছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল বিকেলে চার দিনব্যাপী পথনাটকবিষয়ক কর্মশালার ধারাবাহিক এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। বক্তব্য দেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। নাট্যকলা বিভাগের পক্ষে উপপরিচালক গোলাম সারোয়ার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে, কর্মশালায় মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।রবীন্দ্র মেলা শুরুময়মনসিংহ অফিস জানায়, ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা টিচার্স ট্রেনিং কলেজের রবীন্দ্র প্রাঙ্গণে গতকাল সোমবার শুরু হয়েছে। ময়মনসিংহ রবীন্দ্র মেলা উদ্যাপন পরিষদের আয়োজনে গতকাল বিকেল সাড়ে তিনটায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শধন্য আলেকজান্দ্রা ক্যাসেল বর্তমান টিচার্স ট্রেনিং কলেজের (পুরুষ) রবীন্দ্র প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে রবীন্দ্র মেলা ১৪১৬-এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। ময়মনসিংহ রবীন্দ্র মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ মোকাররম হোসায়েনের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন। উদ্যাপন পর্ষদের সাধারণ সম্পাদক হাবিবুজ্জামান খুররমের স্বাগত কথনের পর ফারুক সুমন ‘রবীন্দ্রনাথ: সমগ্রতাস্পর্শী প্রতিভা এবং বর্তমান প্রেক্ষিত’ প্রবন্ধ উপস্থাপন করেন। পরে আলোচনায় অংশ নেন অধ্যাপক সুমিতা হোম রায়, অধ্যাপক সরদার আব্দুস সাত্তার ও অধ্যাপক নজরুল হায়াত। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলালিংকের ময়মনসিংহ আঞ্চলিক বাণিজ্যিক প্রধান জহির উদ্দীন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহের আলোকধারা সংগীত বিদ্যালয়ের শিল্পীরা কবিতা, নাচ ও সংগীত পরিবেশন করেন।