গুরু-শিষ্যের দ্বন্দ্বে দলের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির স্থানীয় রাজনীতিতে তাঁরা ছিলেন গুরু-শিষ্য। একসঙ্গে রাজনীতি করতেন। গুরু মোরশেদ মিলটন গাবতলী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। শিষ্য জাহিদুল ইসলাম নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন শিষ্য জাহিদুল ইসলাম। এতে নির্বাচনী সমন্বয়ক ছিলেন গুরু মোরশেদ মিলটন। নির্বাচনে শিষ্যের হয়ে ভোট চান তিনি। সেই ভোটে বিজয়ী হন শিষ্য। নির্বাচনের কয়েক মাস পর স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৭ আসনের সাংসদ মওদুদ আহমদের সুনজর পড়ে শিষ্যের ওপর। ওই নেতার ইচ্ছায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। শিষ্যের এই উত্থানে ‘আত্মসম্মান’ ইস্যু হয়ে দাঁড়ায় গুরুর। জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় দলে কর্তৃত্ব প্রতিষ্ঠা ও এলাকায় আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে ওঠেন শিষ্য। এ নিয়ে শুরু হয় গুরু-শিষ্যের বিরোধ। দুজনের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়েন। সর্বশেষ গত রোববারের হরতালে মিছিল করাকে কেন্দ্র করে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে নেপালতলী   ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান আলী (৪২) নিহত হন। শাহজাহান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুলের সমর্থক ছিলেন। ওই ঘটনার পর উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গাবতলীতে বিএনপির দুই নেতার মধ্যে কোন্দলের কারণ খুঁজতে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। দুই নেতার বিরোধ সংঘাতে রূপ নেওয়ায় জেলা বিএনপির নেতারাও বিব্রত।

পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, গাবতলীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রোববার একজন নিহত হয়েছেন। কিন্তু এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবার এখনো মামলা করতে রাজি হয়নি। পরিবার মামলা না দিলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ মার্চ বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গাবতলী সফরে আসেন। এ সময় মঞ্চে ওঠা নিয়ে মোরশেদ মিলটন ও জাহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ২৬ মার্চ সন্ধ্যায় দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে তাঁরা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন।

পৌর মেয়র ও বিএনপির নেতা মোরশেদ মিলটন বলেন, ‘জাহিদুল ছিলেন ইউনিয়নের নেতা। রাজনীতিতে তাঁর উত্থান আমার হাত ধরে। গত উপজেলা নির্বাচনে দলের দুর্দিনে তাঁকে সমর্থন দিয়ে জিতিয়ে এনেছিলাম। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় ও জেলার দুই নেতার প্রশ্রয় পেয়ে পদলোভী ও উচ্চাভিলাষী হয়ে পড়েন তিনি। ইউনিয়ন থেকে জেলা কমিটির পদ পাওয়ার পর তিনি উপজেলা বিএনপিতে খবরদারি ফলানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে উপজেলা বিএনপির নেতৃত্ব দখলে নিতে তিনি মরিয়া হয়ে ওঠেন। খালেদা জিয়ার সভামঞ্চ থেকে তিনি আমাদের জোর করে নামিয়ে দেন। তাঁর উসকানিতে রোববার বিএনপির মিছিলে গুলি চালানো হয়।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘গুরু-শিষ্য নয়, আমাদের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের। এখনো সেই সম্পর্ক আছে বলে আমি মনে করি। উপজেলা নির্বাচনে তিনিই ছিলেন আমার স্থানীয় অভিভাবক। জেলা বিএনপির শীর্ষ পদ পাওয়ার পর তিনি আমার বিরোধিতা শুরু করেন। নানা বিপদে লোকজন আমার কাছে আসেন। দলের একটা পদে থাকলে তাঁদের সহযোগিতা করা সহজ হয়। এই বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অন্য দলের সঙ্গে আঁতাত করে তিনি দলে সংঘাত সৃষ্টি করছেন।’

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, জেলা থেকে দুই নেতার বিরোধ মেটানোর জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। আপাতত দুজনকেই সংযত থাকার জন্য বলা হয়েছে।