গুরু-শিষ্যের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হচ্ছেন বেলাল আহাম্মেদ। একই পদে বিএনপি সমর্থিত প্রার্থী হলেন রোমান হোসেন পাটওয়ারী। তাঁরা দুজনই গুরু-শিষ্য। বর্তমানে রায়পুরে ভোটের মাঠে গুরু-শিষ্যের লড়াইয়ে জমে উঠেছে। শহরের ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদে প্রার্থী বেলাল আহাম্মেদ সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তখন তাঁর বিশ্বস্ত কর্মী ছিলেন বর্তমান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদে প্রার্থী রোমান হোসেন পাটওয়ারী। দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল। তাঁরাই এখন একে-অন্যের প্রতিদ্বন্দ্বী। মেয়র পদপ্রার্থী বেলাল আহাম্মেদ বলেন, ‘যোগ্য ও শক্তিশালী প্রার্থী মনে করেই আমাকে দল মনোনয়ন দিয়েছে। মনোনয়ন না পাওয়ার কারণে কারোর ক্ষোভ থাকতেই পারে। তা ছাড়া একসময় রোমান আমার বিশ্বস্ত কর্মী ছিল। আর সে-ই এখন আমার প্রতিদ্বন্দ্বী।’ রোমান হোসেন পাটওয়ারী বলেন, ‘ভোটের মাঠে গুরু-শিষ্য বলতে কিছু নেই। এখন উদ্দেশ্য একটাই—নির্বাচনে জয়ী হওয়া।’