গুরুতর অসুস্থ লাকী আখান্দ্
অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখান্দ্কে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে আছেন লাকী আখান্দ্।
লাকীর বড় মেয়ে মাম মিনতী জানিয়েছেন, বর্তমানে এই সংগীতকার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাঁকে ভারত কিংবা ব্যাংককে নেওয়া হবে।
গতকাল সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপে মাম মিনতী বলেন, ‘শুনেছি ছোটবেলা থেকেই বাবার এই শ্বাসকষ্টের সমস্যা। বয়স বাড়ার পরেও সমস্যা কমেনি বরং বেড়েছে। ১ সেপ্টেম্বর হঠাৎ করেই তাঁর এই শ্বাসকষ্টের সমস্যা প্রকট আকার ধারণ করে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।
মাম মিনতী বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও বাবার শরীরে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই সবার পরামর্শে দ্রুত তাঁকে দেশের বাইরে নিয়ে যেতে হবে।’