গুরুতর অসুস্থ সুবীর চৌধুরীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
গুরুতর অসুস্থ বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন।
একটি প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্যে গত মার্চ মাসে সুবীর চৌধুরী বাংলাদেশের চিত্রশিল্পীদের একটি দল নিয়ে অস্ট্রেলিয়া যান। সেখানে ক্যানবেরায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত করার পর তাঁকে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি প্রচলিত চিকিৎসায় আশানুরূপ সাড়া দিচ্ছেন না।
সুবীর চৌধুরীর চিকিৎসার তদারকি করার জন্য বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের ইতিমধ্যে সিডনি পৌঁছেছেন। যাওয়ার আগে তিনি সুবীর চৌধুরীর চিকিৎসার বিষয়ে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী ও মনিরুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। তিনি জানিয়েছেন, সুবীর চৌধুরী বেঙ্গল ফাউন্ডেশনের একজন পরিচালক ও ট্রাস্টি, যিনি নিষ্ঠার সঙ্গে ফাউন্ডেশনের প্রতি তাঁর দায়িত্ব পালন করেছেন। তিনি পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয়ের দায়িত্ব বেঙ্গল ফাউন্ডেশনের। সুবীর চৌধুরীর স্ত্রীর সঙ্গে আলাপকালেও তিনি একই আশ্বাস দেন।
আগামী সোমবার সিডনিতে আবুল খায়ের, কর্তব্যরত চিকিৎসক, ছেলে ইমন চৌধুরীসহ প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে সুবীর চৌধুরীর শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে কীভাবে এবং কত দ্রুত সিঙ্গাপুরে নেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।