সাভারে ভবনধসে গুরুতর আহত ২০০-এর কিছু বেশি পোশাকশ্রমিক সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁদের বড় অংশটির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে।চিকিৎসাধীন ২২ জনের জীবন রক্ষার প্রয়োজনে হাত ও পা কাটতে হয়েছে। তাঁদের মধ্যে দুজনের দুই পা এবং একজনের এক হাত ও এক পা কাটতে হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ৮৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ২৬ জন রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া অ্যাপোলো, স্কয়ার ও সম্মিলিত সামরিক হাসপাতালে কিছু রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ একটি সভা হওয়ার কথা রয়েছে। সভায় সরকারি-বেসরকারি হাসপাতালের পরিচালক বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, নিহত ও আহত শ্রমিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। নিহত শ্রমিকদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিহত এক হাজার ১২৭ জন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের যথাযথ পুনর্বাসন কীভাবে করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ হচ্ছে।পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল গতকাল প্রথম আলোকে বলেন, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও জনবল আছে। চিকিৎসার কোনো ত্রুটি হওয়ারও সুযোগ নেই। বহু মানুষ ও প্রতিষ্ঠান আহত ব্যক্তিদের নানা ধরনের সহায়তা দিচ্ছে। চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা মেডিকেলের পরিচালক মো. মোস্তাফিজুর রহমানও।আবদুল আউয়াল জানিয়েছেন, অনেকের কৃত্রিম হাত ও পা সংযোজন করতে হবে। দেশে এ বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন। কৃত্রিম পায়ের খরচ ২৫ হাজার থেকে দেড় লাখ টাকা। তবে কৃত্রিম হাতের দাম ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা। ইতিমধ্যে প্রতিটি হাসপাতালে আহত লোকের সংখ্যা কমছে। সুস্থ হওয়ার পর পোশাকশ্রমিকদের হাসপাতাল ছাড়তে হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসা শেষে শ্রমিকেরা কোথায় যাবেন, কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তা নিয়ে হাসপাতালের চিকিৎসকেরাও চিন্তিত। তবে পুনর্বাসন বিষয়ে তাঁদের কিছু করার নেই।