গুরুতর সব অনিয়মের দায় চেয়ারম্যানের
সরকারের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদই ডুবিয়েছে রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংককে৷ শুরু থেকেই পর্ষদের নির্দেশে একের পর এক অনিয়ম করেছে ব্যাংকটি৷ হাজার হাজার কোটি টাকার গুরুতর ঋণ অনিয়ম করা হয়েছে৷ বাংলাদেশ ব্যাংক একাধিকবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ জন্য সরাসরি দায়ী করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে।
নিয়োগ থেকে শুরু করে ঋণ বিতরণ পর্যন্ত সব ধরনের অনিয়মের ফলে ব্যাংকটির অবস্থান দুর্বল হয়ে পড়লে কেন্দ্রীয় ব্যাংক শেষ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করেছে৷ অথচ পর্ষদ বা চেয়ারম্যানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি৷
ব্যাংকটির পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। তিনি বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠজন। যে কারণে মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে আছে বলেও সূত্রগুলো বলছে।
অথচ পর্ষদের দায় তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের তৈরি এক প্রতিবেদনে ঋণ কেলেঙ্কারির অসংখ্য তথ্য রয়েছে৷ বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘এর সব দায়িত্ব পরিচালনা পর্ষদের।... এ প্রেক্ষিতে ব্যাংকের ঋণ শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে মর্মে প্রতীয়মান হয়।’ বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের আগস্ট মাসে লিখিতভাবে অর্থ মন্ত্রণালয়কে আরও জানায়, ‘প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটি বিরোিধতা করলেও বেসিক ব্যাংকের পর্ষদ ঋণ অনুমোদন করে দেয়। ৪০টি দেশীয় তফসিলি ব্যাংকের কোনোটির ক্ষেত্রেই পর্ষদ কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়া পরিলক্ষিত হয় না।’
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংকের এ পরিণতির জন্য অবশ্যই ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চূড়ান্ত ব্যর্থতা রয়েছে। তিনি বলেন, ‘আর যদি বাংলাদেশ ব্যাংক এসব তথ্য আবিষ্কার করে মন্ত্রণালয়ে লিখে থাকে, তবে অবিলম্বে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া উচিত। দেশের সার্বিক আর্থিক খাতকে বিবেচনায় নিয়েই এটা করা উচিত।’
চেয়ারম্যান আবদুল হাইয়ের সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সত্যতা মেলে ব্যাংকের একজন পরিচালক ও সরকারের সাবেক যুগ্ম সচিব এ কে এম রেজাউর রহমান গত বছরের ১১ জুলাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমের কাছে যে চিঠি দেন তাতে। আবদুল হাই সম্পর্কে তাতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ছাড়া অন্য কাউকে পরোয়া করেন না তিনি। ব্যাংকের কার্যালয় ও লবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা তাঁর ছবিতে ভরপুর। সব সময় এবং সব জায়গায়ই বলে থাকেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত “কাছের লোক” তিনি। গোটা বেসিক ব্যাংকে এ রকম একটি আবহ তৈরি করেছেন আবদুল হাই।’ কার্যত ব্যাংকটি চলে এই চেয়ারম্যানের নির্দেশে। তিনি লোকবল নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি—সবক্ষেত্রেই একচ্ছত্র প্রভাব রাখেন।
আবদুল হাইয়ের বক্তব্য নিতে অনেকগুলো ফোনে যোগাযোগ করা হয়। জানা যায়, তিনি দেশে নেই। বিদেশেও একটি ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭ ধারায় যেকোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া হয়েছে। আর ৪৬ ধারায় কোনো ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীকে অপসারণের ক্ষমতার কথা বলা আছে। তবে ৪৬ ধারার ৬ উপধারায় সরকার মনোনীত বা নিযুক্ত চেয়ারম্যান বা পরিচালককে অপসারণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, চেয়ারম্যান বা পরিচালকের আচরণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে প্রতিবেদন পেশ করলে সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে। কিন্তু, ৪৭ ধারায় পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে ৪৬ ধারার ৬ উপধারার মতো করে কিছু বলা হয়নি।
সর্বশেষ তথ্য অনুসারে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার পর্যন্ত ৪৬ বা ৪৭ কোনো ধারা প্রয়োগের মাধ্যমে কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের একজন সদস্য নাম প্রকাশ না করে বলেছেন, তাঁরা সময় সময় সরকারের কাছে বেসিক ব্যাংকের পরিস্থিতি জানিয়ে আসছেন। আর ৪৭ ধারা তখনই প্রয়োগ হয়, যখন তা প্রয়োগ না করলে দেশের আর্থিক খাতের পরিস্থিতিতে বড় ধরনের খারাপ হওয়ার আশঙ্কা থাকে। এটা সে পরিস্থিতি নয়।
যোগাযোগ করা হলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, তাঁদের বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যা-ই করেন, পরস্পর আলোচনা করে করছেন।
নিয়োগ-পদোন্নতি: বেসিক ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের বিষয়ে আবারও ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার এক চিঠিতে বাংলাদেশ বলেছে, ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শন ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বেসিক ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। এ ধরনের কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ১৮ নম্বর নির্দেশনার লঙ্ঘন। এ বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি নিয়োগ ও পদোন্নতি বিধি মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া গেল।