নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ করেছেন গত শুক্রবার। ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে এক লাখ এক হাজার ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আইভী। গত বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। এর আগে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। প্রথম ১০০ দিনে সিটি করপোরেশনের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে যাতায়াতে শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যানবাহন ও যন্ত্রপাতি কেনার জন্য ৬০০ কোটি টাকার পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৩৪ কোটি টাকার দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে অনেক প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ১০০ দিনের কাজের মূল্যায়ন প্রসঙ্গে মেয়র আইভী বৃহস্পতিবার নগর ভবনে প্রথম আলোকে বলেন, ‘চাহিদার বিপরীতে সরকারি বরাদ্দ নগণ্য। সীমিত সম্পদ ও অর্থ দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’আইভীর ১০০ দিনের কাজের মূল্যায়ন করতে গিয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘মশার উপদ্রবে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ময়লা-আবর্জনাও ঠিকমতো অপসারণ করা হচ্ছে না।’শীতলক্ষ্যা সেতুর বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, সেতু নির্মাণে মেয়র সেলিনা হায়াৎ চিঠি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের নির্দেশে সেতুর দৈর্ঘ্য ও নির্মাণের অবস্থান নির্দিষ্ট করতে একটি জরিপ/সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৯১ দশমিক ৩০ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গত ১৬ জানুয়ারি এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ জানান রাস্তা, নালা, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় যানবাহন ও উন্নয়নকাজের জন্য যন্ত্রপাতি কিনতে ৬০০ কোটি ৪৬ লাখ টাকার উন্নয়ন পরিকল্পনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পরপরই মেয়র আইভী নির্বাচনে পরাজিত প্রার্থী শামীম ওসমানের পৈতৃক বাড়ি হীরামহল এলাকায় সড়ক ও নালা সংস্কারের কাজ শুরু করেন। সেই কাজ চলছে। শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া গোলচত্বর থেকে নিউ মেট্রো সিনেমা হল পর্যন্ত নবাব সলিমুল্লাহ সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও নালা সংস্কারের কাজ চলছে। তবে এখানে প্রাইম ব্যাংক ভবনের সামনের সড়কে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে ত্রুটি থাকায় লাইন বদলানোর কাজ চলছে। এ কারণে এস এম মালেহ সড়ক ও নালার সংস্কারকাজ শেষ করা যাচ্ছে না।নগর ভবনে গত বৃহস্পতিবার মেয়র আইভী প্রথম আলোকে তাঁর নেওয়া নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান। তিনি জানান, ১০০ দিনে ৩৪ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র হয়েছে। অনেক কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায় ও বন্দর ইস্পাহানি ঘাটের মাঝ দিয়ে সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, বর্জ্য অপসারণের জন্য ব্যবহূত ১৪টি ট্রাকের মধ্যে ছয়টিই বিকল। জনবলের অভাব প্রসঙ্গে মেয়র জানান, গত বছরের মে মাসে সিটি করপোরেশন গঠিত হয়। কিন্তু জনবলকাঠামো ঠিক না হওয়ায় বিলুপ্ত তিন পৌরসভার জনবল দিয়েই নয় মাস ধরে সিটি করপোরেশন চলছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দ খুবই কম। তার পরও উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা উচিত। শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘একজন মেয়রকে মূল্যায়ন করতে ১০০ দিন যথেষ্ট নয়।’ সিটি করপোরেশনের বৃহৎ অংশ নিয়ে গঠিত নারয়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান মেয়র আইভীর ১০০ দিনের কাজের মূল্যায়ন সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আবদুল্লাহ আল-কায়সার বলেন, ‘সিদ্ধিরগঞ্জে মেয়রের ১০০ দিনের কার্যক্রম সন্তোষজনক।’