গুরুত্ব পাবে নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের নিরীহ লোকজনের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের দৃষ্টিকোণ থেকে নিরাপত্তার বিষয়টিতে অগ্রাধিকার দেবে যুক্তরাষ্ট্র। আর জনগণের উন্নয়নের প্রেক্ষাপট থেকে নিরাপত্তায় প্রাধান্য থাকবে বাংলাদেশের।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পঞ্চম অংশীদারত্ব সংলাপের অগ্রাধিকার প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রথম আলোকে এসব তথ্য জানান।
ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী ২৩ জুন সকালে দুই দেশের পঞ্চম এই বৈঠক শুরু হবে। নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন ও সুশাসন এবং বাণিজ্য ও বিনিয়োগ এই তিনটি ভাগে অংশীদারত্ব সংলাপে দুই পক্ষ আলোচনা করে থাকে।
মার্কিন রাষ্ট্রদূত গতকাল রাতে ওয়াশিংটেন যাওয়ার আগে সকালে আমেরিকান সেন্টারে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অংশীদারত্ব সংলাপ নিয়ে কথা বলেন।
বৈঠকে নিরাপত্তার প্রসঙ্গ গুরুত্ব পাবে কি না জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘যেহেতু নিরাপত্তা যেকোনো সরকারের জন্য প্রথম কাজ, আসন্ন অংশীদারত্ব সংলাপের আলোচ্যসূচির শীর্ষে থাকবে নিরাপত্তার প্রসঙ্গ।’
সম্প্রতি বাংলাদেশে মুক্তচিন্তা ও ভিন্ন মতাদর্শের লোকজনকে হত্যার প্রেক্ষাপটে বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএইড) কর্মকর্তা জুলহাজ মান্নানের নৃশংস হত্যার পর নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে কিছুটা বিচলিত হয়ে পড়েছে ওয়াশিংটন। তাই মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার বাংলাদেশের কর্মীদের অস্ত্র বহনের অনুমতি দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘এ বিষয়টি আলোচনায় আসবে। মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা সংস্থাকে যতটা সম্ভব শক্তিশালী করতে চাই। আর মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা স্থানীয় আইন পুরোপুরি মেনে চলতে চাই।’
অংশীদারত্ব সংলাপে নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাবে কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বিকেলে এই প্রতিবেদককে বলেন, ‘জনগণের উন্নয়নের প্রেক্ষাপট থেকে বাংলাদেশ নিরাপত্তার বিষয়টিকে দেখে থাকে। এই অবস্থান থেকে বাংলাদেশ নিরাপত্তা নিয়ে আলোচনা করবে।’ তিনি জানান, বাংলাদেশ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দেবে। বিশেষ করে আন্তর্জাতিকভাবে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের প্রেক্ষাপটে ২০৩৫ সালের বাংলাদেশ বা বাংলাদেশের ভবিষ্যতের একটি রূপকল্প উপস্থাপন করা হবে।
এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত জানান, ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নানের হত্যার তদন্তে অগ্রগতি সম্পর্কে সংলাপে যুক্তরাষ্ট্র জানতে চাইবে। যুক্তরাষ্ট্র চায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে খুনিদের বিচার করা হোক।
সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে এ মুহূর্তে দেশজুড়ে ব্যাপক হারে যে গ্রেপ্তার অভিযান চলছে, সে সম্পর্কে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘গ্রেপ্তারের সংখ্যা বেশ উল্লেখযোগ্য। তবে গ্রেপ্তারের এ প্রক্রিয়ায় স্বচ্ছতা আছে কি না, সেটাই আমাদের ভাবনার বিষয়। পুরো প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা থাকা উচিত। যদি স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি করা হয়, তবে বাংলাদেশ কৃতিত্ব দাবি করতে পারবে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের তথ্য আদান-প্রদান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত চলাকালে কতটা তথ্য বিনিময় করা যাবে আর কতটা যাবে না, সেটি পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ।
সাম্প্রতিক ঘটনাবলিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের উপস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্শা বার্নিকাট বলেন, ‘সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক বিষয় এবং এই হুমকি আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে। প্রথম দিন থেকেই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। আইএসআইএল ইসলামের জন্য কাজ করছে এই মিথ আমাদের ভেঙে দিতে হবে।’ তিনি জানান, মানবাধিকার এবং আইনের শাসন ও সুশাসন বিষয়ে অংশীদারত্ব সংলাপে আলোচনা হবে।
সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, তিন দেশ সন্ত্রাস দমনে কাজ করছে। তবে তিন দেশের অভিন্ন কোনো কাঠামো নেই। আঞ্চলিক সহযোগিতার উপায় খুঁজে বের করতে তারা কাজ করবে বলে তিনি জানান।